বিমান ও পর্যটনের দায়িত্বেও শেখ বশিরউদ্দীন
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর পর এ মন্ত্রণালয় ছিল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে। এখন তার কাছে থাকল পাঁচ মন্ত্রণালয়।
বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকা শেখ বশিরউদ্দীনকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারও দেওয়া হয়েছে।
এতদিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে ছিল এ মন্ত্রণালয়। এখন তার হাতে থাকল পাঁচ মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে গত নভেম্বরে বাণিজ্য উপদেষ্টার দায়িত্বে আসা শেখ বশিরউদ্দীনকে আরেকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আদেশ জারি করা হয়।
২০২৪ সালের ২০ ডিসেম্বর এ এফ হাসান আরিফের মৃত্যুর পর বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় চলে যায় প্রধান উপদেষ্টার হাতে।
পুনবন্টনের পর এখন প্রধান উপদেষ্টার হাতে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব রাখা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে শেখ বশিরসহ তিনজনকে গত ১১ নভেম্বর যুক্ত করা হয়। সেদিন উপদেষ্টাদের দায়িত্বেও বড় ধরনের রদবদল করা হয়।
