২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আঞ্চলিক সফর শেষে পঞ্চগড়ে তিন রাষ্ট্রদূত

আঞ্চলিক সহযোগিতা জোরদারে সড়ক পথে ভারত, নেপাল ও ভুটান সফর শেষে বাংলাদেশে ফিরেছেন ওই তিন দেশের রাষ্ট্রদূতরা।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 08:26 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

মঙ্গলবার সকালে ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ, ভুটানের রাষ্ট্রদূত পেমা চোদেন ও নেপালের রাষ্ট্রদূত হরিকুমার শ্রেষ্ঠা এর ভারতের ফুলবাড়ি হয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট দিয়ে দেশে প্রবেশ করেন।

বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে বন্দর কর্তৃপক্ষ, কাস্টসম কর্মকর্তা, ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বন্দরের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা করেন তারা।

সভায় ভারতীয় সহকারী হাই কমিশনার (রাজশাহী) সন্দিপ মিত্র, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্ উদ্দিন, পুলিশ সুপার আবুল কালাম আজাদ, বিজিবি ১৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এটিএম নাজমুল হুদা ও কাস্টমসের সহকারী কমিশনার আব্দুল আলীম উপস্থিত ছিলেন।

সভা শেষে পঙ্কজ শরণ সাংবাদিকদের বলেন, বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের সঙ্গে আঞ্চলিক উন্নয়ন ও বাণিজ্য প্রসারের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগানোই সফরের উদ্দেশ্য।

আন্তঃবাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে স্থলবন্দরগুলোর সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন কাজ শেষ হলে ইমিগ্রেশন চেকপোস্ট চালু করা সম্ভব হবে।

দুপুরে পঞ্চগড় সার্কিট হাউসে স্থানীয় ব্যবসায়ী, আমদানি ও রপ্তানিকারক ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারা।

এর আগে বাংলাদেশ-ভারতের বুড়িমারী-চেংড়াবান্ধা, ভারত-ভুটানের ফুন্তশিলিং-জয়গাঁও, নেপাল-ভারতের কাকরভিটা-পানিতাংকি স্থলবন্দর পরিদর্শন করে কূটনৈতিক দলটি।

এ সফরে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশীয় অনু বিভাগের পরিচালক জাহিদ-উল ইসলাম।

বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে বাণিজ্য ও ট্রানজিটসহ আঞ্চলিক যোগাযোগ বাড়াতে দেশগুলোর সীমান্তসংলগ্ন স্থলবন্দরগুলো পরিদর্শনের জন্য রোববার সড়ক পথে বুড়িমারী স্থলবন্দর দিয়ে সফর শুরু করেন এই তিন রাষ্ট্রদূত।