ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে ঘোষণা দিতে সংবাদ সম্মেলন ডেকেও তা স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
কমিশনের সদস্য সেলিম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার বিকাল ৫টায় বিইআরসি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল। কিন্তু বিদ্যুতের দাম বাড়ানোর জন্য যে কারিগরি মূল্যায়ন প্রয়োজন তা এখনো শেষ না হওয়ায় সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।”
বিদ্যুতের দাম নিয়ে কমিশনের কাছে ‘নতুন প্রস্তাব’ এসেছে জানিয়ে সেলিম বলেন, “সব দিক বিবেচনা করে পরে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।”
এর আগে সকালে বিইআরসি কর্মকর্তারা সাংবাদিকদের জানান, বিকালে সংবাদ সম্মেলন করে আবারো বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিতে যাচ্ছে কমিশন।
কি ঘোষণা আসছে জানতে চাইলে কমিশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে আপনাদের ডাকা হয়েছে। তখনই বিস্তারিত জানতে পারবেন।”
সর্বশেষ গত ২৯ মার্চ বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম প্রতি ইউনিটে যথাক্রমে গড়ে ২৮ পয়সা এবং ৩০ পয়সা করে বাড়ানো হয়। গত ১ মার্চ থেকে এই দাম কার্যকর হয়।
সে অনুযায়ী বর্তমানে প্রতি ইউনিট পাইকারি বিদ্যুত বিক্রি হচ্ছে ৪ টাকা ২ পয়সায়। আর খুচরা গ্রাহকদের ১০০ ইউনিট পর্যন্ত ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিটে ৩ টাকা ৫ পয়সা, ১০০ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ব্যবহারের ক্ষেত্রে ইউনিট প্রতি ৪ টাকা ২৯ পয়সা এবং ৪০০ ইউনিটের বেশি ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিটে ৭ টাকা ৮৯ পয়সা হারে দাম দিতে হচ্ছে।
ভর্তুকি কমানোর লক্ষ্যে পাইকারি বিদ্যুতের দাম গড়ে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর জন্য গত জুন মাসের শেষ দিকে বিইআরসিতে প্রস্তাব দেয় পিডিবি।
তবে এ প্রস্তাব মূল্যায়ন করে বিইআরসির স্টাফ কমিটি গত ১৬ জুলাই জানায়, পাইকারি বিদ্যুতের দাম ২১ দশমিক ৮৯ শতাংশ বা প্রতি ইউনিটে দশমিক ৮৮ পয়সা বাড়ানো হলে বিদ্যুৎ খাতে ভর্তুকি কমে আসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএসজেড/জেকে/১৪৪০ ঘ.
bdnews24