ঝিনাইদহ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা থেকে গ্রাহকদের বিপুল অংকের টাকা আত্মসাতের ঘটনা ধরা পড়েছে।
ঘটনাটি জানাজানি হলে গ্রামীণ ব্যাংকের একটি বিশেষ টিম বৃহস্পতিবার থেকে উমেদপুর শাখার গ্রাহকদের হিসাবগুলো অডিট শুরু করেছে।
অডিট টিমের প্রধান ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ পর্যন্ত ৩৮ জন আমানতকারীরর সঞ্চয়ী হিসাব থেকে ৩৭ লাখ ৬২ হাজার টাকা আত্মসাতের ঘটনা ধরা পড়েছে।
তারা ব্যাংকের প্রতিটি হিসাব অডিট করে দেখবেন। এর সঙ্গে ব্যাংকের অন্য কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করা হচ্ছে।
গ্রাহকরা যাতে দ্রুত টাকা ফেরৎ পান তার ব্যবস্থা নিচ্ছে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ, বলেন তিনি।
শাখার সাবেক ম্যানেজারসহ আরো কয়েকজন এই ঘটনায় জড়িত বলে ধারণা করা হচ্ছে।
বর্তমান ম্যানেজার ইকরামুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের জুন থেকে ব্যাংকে সঞ্চয়ী হিসাবে টাকা জমাদানকালে গ্রাহকদের জমা রশিদ ও পাশ বইতে টাকার অংক লিখে স্বাক্ষর ও সিল দিয়ে ফেরৎ দিতেন ম্যানেজার রেজাউল করিম। কিন্তু এ টাকা ব্যাংকের লেজার বইতে জমা করা হতো না।
এভাবে চলতি বছরের ৮ মার্চ পর্যন্ত গ্রাকদের সঞ্চয়ী হিসাবের টাকা লোপাট চলে। বেশি টাকা লোপাট হয় ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্র“য়ারিতে।
বিষয়টি জানাজানি হলে ম্যানেজার রেজাউল করিম পালিয়ে যান। গ্রাহকের চেক জালিয়াতির মাধ্যমেও টাকা আত্মসাৎ করা হয় বলে তিনি জানান।
এ ঘটনায় গত ১৫ মার্চ রেজাউল করিমের বিরুদ্ধেশৈলকুপা থানায় একটি মামলা করেছেন এরিয়া ম্যানেজার কাজী জামাল উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24