২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-কানাডা বিজনেস ফোরামে এফবিসিসিআই প্রতিনিধিদল

কানাডার টরেন্টোতে অনুষ্ঠেয় বাংলাদেশ-কানাডা বিজনেস ফোরাম এবং ১৩তম টরেন্টো গ্লোবাল ফোরামে অংশ নিতে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল কানাডায় গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2019, 09:00 PM

Updated : 18 Aug 2022, 05:43 PM

রোববার কানাডায় উদ্দেশ্যে তারা ঢাকা ত্যাগ করেন বলে এফবিসিসিআইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

প্রতিনিধিদলে রয়েছেন এফবিসিসিআই সহসভাপতি রেজাউল করিম রেজনু, নিজামুদ্দিন রাজেশ ও পরিচালক সুজিব রঞ্জন দাস ও মনির হোসেন।

টরেন্টোতে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল এবং অন্টারিও চেম্বার অব কমার্সের আয়োজনে ৩ সেপ্টেম্বর টরেন্টোতে বাংলাদেশ-কানাডা বিজনেস ফোরাম অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোরামে এফবিসিসিআই সভাপতি বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাত এবং কেন কানাডার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করবেন- তা তুলে ধরবেন ফজলে ফাহিম।

বিজনেস ফোরামে এফবিসিসিআই এবং অন্টারিও চেম্বার অব কমার্স-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

কানাডায় অবস্থান কালে ৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ১৩তম টরেন্টো গ্লোবাল ফোরামে ‘ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন, একসিলারেটিং প্রোডাকটিভিটি অ্যান্ড কমপিটিটিভনেস’ শিরোনামে বক্তব্য রাখবেন এফবিসিসিআই সভাপতি।

এফবিসিসিআই বাণিজ্য প্রতিনিধিদল টরেন্টোর ডেপুটি মেয়র, হাম্বার ইনস্টিটিউট অব টেকনলোজি অ্যান্ড এ্যাডভান্স লার্নিং, ইন্টারন্যাশনাল ট্রেইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেনেকা কলেজ, টরেন্টো বিশ্ববিদ্যালয়ের অন্টারিও ইনস্টিটিউট ফর স্টাডিজ ইন এডুকেশন (ওআইএসই) এবং বিহেভিয়ারাল ইকনোমিকস ইন একশন রোটম্যান (বিইএআর)-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।