২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি ক্রেডিট কার্ডে ভারতের চেয়ে বেশি লেনদেন থাইল্যান্ডে

অক্টোবরে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যুক্তরাষ্ট্রে, ৮৪ কোটি টাকা। দ্বিতীয় স্থানে উঠে আসা থাইল্যান্ডে লেনদেনের পরিমাণ ৫৭ কোটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2024, 10:28 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

জুলাই-অগাস্ট আন্দোলনের সময় থেকে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহারে যে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে, তা অক্টোবরেও অব্যাহত ছিল। 

নিম্নমুখী এই প্রবণতার ফলে দেশের বাইরে বাংলাদেশি ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচের তালিকায় ভারত নেমে গেছে তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে থাইল্যান্ড; যুক্তরাষ্ট্র যথারীতি রয়েছে শীর্ষে।     

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দেখা যায়, অক্টোবরে দেশের বাইরে বাংলাদেশি ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন হয় ৪৯৮ কোটি টাকা, যা সেপ্টেম্বরে ছিল ৪২০ কোটি টাকা।

সেই হিসাবে এক মাসের ব্যবধানে দেশের বাইরে বাংলাদেশি ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচের পরিমাণ বেড়েছে প্রায় ১৮ শতাংশ। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, অক্টোবরে বাংলাদেশি ক্রেডিট কার্ডের মাধ্যমে সবচেয়ে বেশি খরচ হয় যুক্তরাষ্ট্রে; প্রায় ৮৪ কোটি টাকা। এরপর রয়েছে থাইল্যান্ড, যেখানে লেনদেনের পরিমাণ ৫৭ কোটি টাকা। 

বাংলাদেশি ক্রেডিট কার্ডে ভারতে লেনদেন হয়েছে ৫৩ কোটি টাকা। এর পর সিঙ্গাপুরে ৪৩ কোটি টাকা এবং যুক্তরাজ্যতে ৩৭ কোটি টাকা লেনদেন হয়।

ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা বিদেশে গিয়ে কত খরচ করছে সেই হিসাব কেন্দ্রীয় ব্যাংক ২০২৩ সাল থেকে প্রকাশ করছে।

জুলাইয়ের আগের তথ্য ঘেটে দেখা যায়, বাংলাদেশি ক্রেডিট কার্ডে ভারতেই সবচেয়ে বেশি লেনদেন হত। 

গত অগাস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত বাংলাদেশিদের জন্য ভিসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে। এর ফলে ভারতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। তাতে দেশটিতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহারও কমে গেছে।

এর আগে জুলাইয়ে বাংলাদেশিরা ভারতে ক্রেডিট কার্ডে খরচ করেন ৭৩ কোটি টাকা। জুনে এই পরিমাণ ছিল ৯২ কোটি টাকা।