২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিলিভার বিজমায়েস্ট্রোজের পঞ্চদশ আসর শুরু ৩ নভেম্বর

প্রতিযোগিতার আবেদন প্রক্রিয়া শুরু হবে নভেম্বরের প্রথম সপ্তাহে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2024, 08:54 PM

Updated : 26 Aug 2026, 10:48 AM

ইউনিলিভার বাংলাদেশের ব্যবসা বিষয়ক প্রতিযোগিতা ‘বিজমায়েস্ট্রোজ’ এর ১৫তম আসর শুরু হচ্ছে আগামী ৩ নভেম্বর থেকে।

সোমবার ইউনিলিভার এক বিজ্ঞপ্তিতে বলেছে, এবারের থিম ‘পাওয়ার অব ইউ’।  বুটক্যাম্প ট্রেনিং, মেন্টরশিপ, বিভিন্ন ব্যবসা-ভিত্তিক বাস্তব অভিজ্ঞতা এবং দ্রুত সময়ে ইন্টার্নশিপের সুযোগ মিলবে বিজমায়েস্ট্রোজের এই প্রতিযোগিতা থেকে।

প্রতিযোগিতার আবেদন প্রক্রিয়া শুরু হবে নভেম্বরের প্রথম সপ্তাহে। প্রাথমিকভাবে অনলাইনে একটি মূল্যায়ন পর্ব অনুষ্ঠিত হবে। সেখানে সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে সশরীরে ঢাকার করপোরেট অফিসে একটি সেশন হবে।

প্রতিযোগিতায় আগ্রহীদের একটি অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।  ফেসবুকে ‘ইউনিলিভার ক্যারিয়ারস (বিডি)’ (https://www.facebook.com/UnileverCareersBangladesh) পেইজে আবেদনের লিংক পাওয়া যাবে।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে গ্র্যান্ড গালা ইভেন্টের মাধ্যমে এবারের আয়োজন শেষ হবে। প্রতিযোগিতার বিজয়ীরা ইউনিলিভার ফিউচার লিডার’স লিগের আন্তর্জাতিক রাউন্ডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। এ ছাড়া অংশগ্রহণকারীরা ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামের জন্য সমন্বিতভাবে নির্বাচিত হবেন এবং দক্ষতা মূল্যায়নের মাধ্যমে এগিয়ে থাকবেন।

ইউনিলিভারের বিজ্ঞপ্তিতে বলা হয়, “সরাসরি তাদের জন্য নিয়োগের পথ তৈরি করে বিজমায়েস্ট্রোজ শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক সংস্কৃতি, দায়িত্ববোধ সম্পর্কে জানার সুযোগ করে দিচ্ছে এবং তাদের পছন্দের পেশা ও ক্যারিয়ার সম্পর্কে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম করে তুলছে।”

ইউনিলিভার বাংলাদেশের মানবসম্পদ বিভাগের পরিচালক সৈয়দা দুরদানা কবির বলেন, “ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ইউনিলিভার বাংলাদেশ কয়েক দশক ধরে ভূমিকা রেখে আসছে। এ বছরের প্রতিযোগিতায় তরুণদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের পরিবর্তিত চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এ ছাড়া যোগ্যতার মাপকাঠিতে রাখা হয়েছে, সদ্য স্নাতক পেরুনো শিক্ষার্থীদের পাশাপাশি, দুই বছরের কর্ম অভিজ্ঞতাসম্পন্ন পেশাদারদের।

“আমরা বিশ্বাস করি, আগামী দিনের জন্য প্রয়োজনীয় দক্ষতার উন্নয়ন শুরু হয় স্নাতক সম্পন্নের পূর্বেই। তাই আমরা বিভিন্ন লার্নিং সেশন আয়োজনের জন্য ক্যাম্পাসগুলোর সঙ্গে অংশীদারিত্ব করেছি এবং আমাদের কর্মক্ষেত্রের একটি দিন সম্পর্কে অভিজ্ঞতা নিতে শিক্ষার্থীদের সুযোগ করে দিচ্ছি। এ ছাড়া ফ্রিল্যান্সিং ও ইন্টার্নশিপের মাধ্যমে আমরা তাদের হাতে-কলমে বিভিন্ন বিষয় শেখাতে সাহায্য করছি।”