১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এফবিসিসিআই সভাপতির পদত্যাগ, বসল প্রশাসক

প্রশাসক ১২০ দিনের মধ্য একটি ‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।

এফবিসিসিআই সভাপতির পদত্যাগ, বসল প্রশাসক
এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2024, 03:23 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

সরকার বদলের পর পরিবর্তনের হাওয়ায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমও পদত্যাগ করেছেন। 

বুধবার সংগঠনটির পর্ষদ ভেঙে দিয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনা ও নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালনের জন্য প্রশাসক বসিয়েছে সরকার।

প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমান।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, প্রশাসক ১২০ দিনের মধ্য একটি ‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।

গত বছরের ২ অগাস্ট এফবিসিসিআই পরিচালনা পর্ষদের সভাপতি হন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি মাহবুবুল আলম। দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় তাকে সরে যেতে হল।

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকা মাহবুবুল আলম ইমেইলে বাণিজ্য মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে এফবিসিসিআইয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান জাফর ইকবাল জানিয়েছেন।

ই-মেইলে পাঠানো পদত্যাগপত্রে ‘অসুস্থতাজনিত কারণে’ ইস্তফা দেওয়ার কথা বলেছেন মাহবুবুল আলম।

তিনি পদত্যাগ করার পর বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি আমিন হেলালী বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন পাঠিয়ে নিজেকে এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি দাবি করেন।

তার ওই দাবি প্রত্যাখান করে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, “সভাপতির পদত্যাগের পরে আমিন হেলালী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিজেকে দাবি করার পেছনে বোর্ড পুনর্গঠন সংক্রান্ত কোনো তথ্য প্রমাণাদি উপস্থাপন করা হয়নি এবং তার প্রেরিত পত্রটি তারিখের দিক থেকে ত্রুটিপূর্ণ। সংগঠনটি সার্বিকভাবে পরিচালিত হচ্ছে না, তাই পর্ষদ ভেঙে দেওয়া আবশ্যক।”

এফবিসিসিআই বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্যিক সংগঠন।এ সংগঠনের কার্যক্রমে অস্থিরতা বা যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার মত বিশেষ পরিস্থিতি তৈরি হলে বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭(১) ধারা অনুযায়ী সরকার ‘ব্যবসা, শিল্প, বাণিজ্য, সেবাখাতের স্বার্থে’ নিবন্ধিত সংগঠনের পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক বসাতে পারে।

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে আছেন।

নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় গত ৮ অগাস্ট। এরপর থেকেই ব্যবাসায়ীদের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব বদলের দাবি উঠতে শুরু করে।

বর্তমান বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসানো এবং নির্বাচন দেওয়ার দাবি উঠেছে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ’তেও।

গত নির্বাচনে হেরে যাওয়া ‘ফোরাম’ প্যানেলের পাশাপাশি বিজিএমইএর আরেকটি অংশ বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পর্ষদ ভেঙে দিয়ে প্রশাক বসাতে।