১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

প্রবাসী বাংলাদেশিদের জন্য গ্রামীণফোন আনল ‘প্রবাসী প্যাক’

বিদেশে থাকাকালে মোবাইল নম্বর সচল রাখা ছাড়াও কোনো বাড়তি চার্জ ব্যতীত আনলিমিটেড ইনকামিং এসএমএস এর সুবিধা থাকছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2024, 05:45 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী প্যাক’ নামে একটি বিশেষ প্যাক চালু করেছে গ্রামীণফোন। পাঁচ বছর পর্যন্ত সিমের মেয়াদসহ এই প্যাকটি এমনভাবে সাজানো হয়েছে যেন এটি প্রবাসীদের সংযোগের চাহিদা পূরণ করতে পারে। 

রোববার এক বিজ্ঞপ্তিতে বেসরকারি মোবাইল ফোন অপারেটরটি জানিয়েছে, প্যাকটির মাধ্যমে বিদেশে থাকাকালে মোবাইল নম্বর সচল রাখা ছাড়াও কোনো বাড়তি চার্জ ব্যতীত আনলিমিটেড ইনকামিং এসএমএস এর সুবিধা থাকছে। 

অনলাইন ব্যাংকিং, আর্থিক সেবা এবং গুগল ও ফেসবুকের মত অ্যাপের জরুরি ওটিপিও পাবেন তারা। 

প্যাকটিতে ৩জিবি বা ৫জিবির ইন্টারনেট বোনাস রাখা হয়েছে; দেশে থাকার সময় বোনাসটি উপভোগ করতে পারবেন প্রবাসীরা। 

এই অফারটি পেতে গ্রাহকদের তিন বছর মেয়াদের জন্য ৯৯৪ টাকা এবং পাঁচ বছর মেয়াদের জন্য ১ হাজার ৪৯৪ টাকা রিচার্জ করতে হবে।

ব্যবহারের বাধ্যবাধকতা বা বিদেশ থেকে রিচার্জ করার সুযোগ না থাকায় সিম সচল রাখতে বাংলাদেশি প্রবাসীদের প্রায়ই অসুবিধার সম্মুখীন হতে হয়। 

গ্রামীণফোন বলছে, এই প্যাকটির মাধ্যমে গ্রাহকরা কোনো ঝামেলা ছাড়া তাদের সিমটি সচল ও কার্যকর রাখতে পারবেন। 

প্রবাসী বাংলাদেশিদের আবেগঘন গল্প তুলে ধরতে এ বছর ‘স্বপ্ন যাবে বাড়ি’ নামে একটি ঈদ ক্যাম্পেইন পরিচালনা করে গ্রামীণফোন। এতে প্রবাসীদের ‘আত্মত্যাগ’ এবং বাড়িতে থাকা ভালোবাসার মানুষদের সাথে দৃঢ় বন্ধনের চিত্র পাওয়া যায় জানিয়ে এই গল্প থেকে অনুপ্রাণিত হয়েই প্রবাসী প্যাকটি তৈরি করে অপারেটরটি।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “অনন্য এই সেবাটি আনতে পেরে গ্রামীণফোন গর্বিত যা আমাদের প্রবাসী গ্রাহকদের দেবে নিরবচ্ছিন্নভাবে ও ডিজিটালি যুক্ত থাকার সুযোগ।” 

বাংলাদেশে থাকা গ্রাহকরা যাদের হাতে সিম আছে তারা সহজেই বিভিন্ন চ্যানেল যেমন: রিটেল আউটলেট, বিকাশ, গ্রামীণফোন ওয়েবসাইট অথবা মাই জিপি অ্যাপের মাধ্যমে সরাসরি টাকা রিচার্জ করতে পারবেন। 

মাই জিপি অ্যাপ থেকে ‘বান্ডলস’ সেকশনে গিয়ে তাদের মূল অ্যাকাউন্ট ব্যালেন্স ব্যবহার করে অফারটি গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। 

তিন বছরের প্ল্যানের জন্য *১২১*৯৯৪# বা পাঁচ বছরের প্ল্যানের জন্য *১২১*১৪৯৪# ইউএসএসডি কোড ডায়াল করতে হবে। 

সিম কার্ডটি সাথে থাকা অবস্থায় যারা দেশের বাইরে আছেন তারাও একই প্রক্রিয়া অনুসরণ করে রিচার্জ করতে পারবেন বলেও জানানো হয় গ্রামীণফোনের বিজ্ঞপ্তিতে।