সড়ক দুর্ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারালে আহত হয় দুই বন্ধু।
বন্ধুর সঙ্গে ঢাকা-মাওয়া মহাসড়কে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরল ঢাকা কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী।
ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শনিবার ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মো. সাবাব আজাদ (২১) নামের ওই তরুণের বাসা ঢাকার নিউমার্কেট এলাকায়। তার বাবার নাম আবুল কালাম আজাদ। দুর্ঘটনার সময় তার সঙ্গে ছিল মো. সিয়াম নামের এক বন্ধু।
বাচ্চু মিয়া বলেন , শনিবার দুই বন্ধু মাওয়ায় বেড়াতে যায়। ঢাকায় ফেরার পথে নিমতলা এলাকায় তাদের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই গুরুতর আহত হয়।
“রাত ১টার দিকে সাবাব ও সিয়ামকে হাসপাতালে নিলে চিকিৎসক সবাবকে মৃত ঘোষণা করেন।“
পরিদর্শক বাচ্চু জানান, রোববার সকালে ময়নাতদন্ত ছাড়াই সাবাবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঠিক কীভাবে ওই গড়ি দুর্ঘটনায় পড়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেনি পুলিশ।
