২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় নামতে না পেরে ঢাকার ফ্লাইট গেল কলকাতায়

রোববার সকালে কলকাতা থেকে ফ্লাইটগুলো ঢাকায় ফিরে আসে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2024, 06:57 PM

Updated : 14 Jan 2024, 06:57 PM

ঘন কুয়াশার কারণে দেশের বিভিন্ন বিমানবন্দর থেকে গত কয়েকদিন ধরেই বিভিন্ন ফ্লাইট ঘুরিয়ে (ডাইভার্ট) দেওয়ার ঘটনা ঘটছে।

শনিবার বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইটও ঢাকায় না নামতে পেরে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে রোববার সকালে সেগুলো ঢাকায় ফেরত আসে।

এর মধ্যে একটি ফ্লাইট এসেছিল দাম্মাম থেকে, আরেকটি কাতারের দোহা থেকে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার রাত ৮টা ২০ মিনিটে ঘন কুয়াশার জন্য ২টি যাত্রীবাহী ফ্লাইট ডাইভার্ট হয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

“পরবর্তীতে সকাল সাড়ে ৯টার পর ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসে।”

ঘন কুয়াশার কারণে গুয়াহাটিতে নামতে না পেরে মুম্বাই থেকে ছেড়ে আসা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট শনিবার সকালে ঢাকার বিমানবন্দরে অবতরণ করেছিল।