২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ঢাকায় আদিবাসীদের খাবারের উৎসব শুরু ১১ অগাস্ট

আদিবাসীদের বাহারি খাবার ও জুমে উৎপাদিত অর্গানিক পণ্য মিলবে এ আয়োজনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2023, 07:39 PM

Updated : 06 Aug 2023, 07:39 PM

পাহাড় ও সমতলের আদিবাসীদের খাবার নিয়ে ঢাকায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্ডিজিনাস ফুড ফেস্টিভাল’।

আগামী ১১ ও ১২ অগাস্ট মিরপুরে বিআরটিএ অফিসের বিপরীতে বনফুল আদিবাসী গ্রিনহার্ট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হবে।

অনলাইন সংবাদমাধ্যম আইপিনিউজ ও বেসরকারী উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগ আয়োজিত এ উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে।

আইপিনিউজের উপ সম্পাদক সতেজ চাকমা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ উৎসব চলবে।

“পাহাড় ও সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী নানা পিঠা, বিভিন্ন উপাদেয় খাবারের পদ, অর্গানিক শাক-সবজি, ফলমূল, বৈচিত্র্যপূর্ণ নানা জাতের কৃষি পণ্যের সমাহার এবং শুটকির পসরা নিয়ে হাজির হওয়ার জন্য ইতিমধ্যে বিশ জনেরও অধিক আদিবাসী উদ্যোক্তা স্টল বরাদ্দ করেছেন।”

উদ্বোধনী আয়োজনে আদিবাসী শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে বলে তিনি জানিয়েছেন।

আগামী শুক্রবার সকালে নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেনের সভাপতিত্বে এ উৎসব উদ্বোধন করবেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো।

সাবেক তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম ও সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।