১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কার্জন হলের ফুটপাতে নার্সারি ব্যবসা, ১৫ দিনের কারাদণ্ড

অভিযানের খবর পেয়ে অন্য ব্যবসায়ীরা সটকে পড়েন; পরে সেখান থেকে গাছের চারা, চেয়ার, টেবিল ও মাটি সরানো হয়।

কার্জন হলের ফুটপাতে নার্সারি ব্যবসা, ১৫ দিনের কারাদণ্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন এলাকায় বুধবার অভিযান চালায় দক্ষিণ সিটি করপোরেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2023, 09:12 PM

Updated : 02 Feb 2023, 09:12 PM

জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে ফুটপাতে ‘নার্সারি ব্যবসা’ করায় এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সাজার আদেশ পাওয়া নূরুল হাওলাদার বরিশাল সদর উপজেলার সাহেবের হাট এলাকার ফয়জুদ্দিন হাওলাদারের ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন এলাকায় ফুটপাতের ওপর তিনি নার্সারির ব্যবসা করে আসছিলেন।

বৃহস্পতিবার বিকালে সেখানে অভিযান চালিয়ে তাকে সাজা দেন দক্ষিণ সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন।

তিনি বলেন, অভিযানের খবর পেয়ে অন্য ব্যবসায়ীরা দোকান রেখে সটকে পড়েন। পরে সেখান থেকে গাছের চারা, চেয়ার, টেবিল ও মাটি সরানো হয়।

ওই পথ দিয়ে যারা চলাফেলা করেন, ফুটপাতের ওপর নার্সারি ব্যবসার বিষয়টি তারা বরাবরই দেখে এসেছেন।

এখন হঠাৎ অভিযানের কারণ ব্যাখ্যা করে মেরীনা নাজনীন বলেন, “অমর একুশে বইমেলা আমাদের প্রাণের মেলা। এই মেলা আমাদের মননশীলতার এক উর্বর ক্ষেত্র। মেলায় আসা বইপ্রেমী মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আজ আমরা কার্জন হল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেছি।

“ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন এলাকাটি অত্যন্ত ব্যস্ততম। সেখানকার ফুটপাতে যাতে নার্সারি বসিয়ে জনগণের চলাফেরায় বিঘ্ন সৃষ্টি না করা হয়, সেজন্য তাদেরকে একাধিকবার সতর্ক করা হয়েছে। তারা সতর্কবার্তায় গুরুত্ব দেননি। তাই আমরা অভিযান পরিচালনায় অনেকটা বাধ্য হয়েছি।"

দক্ষিণ সিটির সংরক্ষিত আসনের কাউন্সিলর নারগিস মাহতাব ও শিরিন গাফফারসহ করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।