২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে সুপ্রিম কোর্টের পদক্ষেপ চান রাষ্ট্রপতি

সুপ্রিম কোর্টের ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করতে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার বঙ্গভবনে যান।

বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে সুপ্রিম কোর্টের পদক্ষেপ চান রাষ্ট্রপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে বিচারপতিদের একটি প্রতিনিধিদল বুধবার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সুপ্রিম কোর্টের ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2022, 09:13 PM

Updated : 17 Aug 2022, 09:13 PM

তথ্যপ্রযুক্তির মাধমে মামলা জট কমাতে এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে সুপ্রিম কোর্টকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার সন্ধ্যায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে বিচারপতিদের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

এ সময় প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধান বিচারপতি বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক এবং বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, এবছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৫০ বছরপূর্তি উৎসব সুপ্রিম কোর্ট সাড়ম্বরে উদযাপন করবে।

“রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলাজট কমানো ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে কীভাবে ন্যায়বিচার নিশ্চিত করা যায়, সে ব্যাপারে বাংলাদেশ সুপ্রিম কোর্টকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।”

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে বিচার বিভাগ স্বাধীনতার সুফল জনগণের দুয়ারে পৌঁছে দিতে নিরলস প্রয়াস চালিয়ে যাবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।