গুলশানে এসির আগুনে আতঙ্ক
“ভবনে অবস্থানরত কারো কোনো সমস্যা হয়নি, সবাই নিরাপদে আছে,” বলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা নাজিমউদ্দিন।
রাজধানীর গুলশানের একটি ভবনের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অল্প সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণে এলেও ধোঁয়া দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে গুলশান ১ নম্বরের এডব্লিউআর টাওয়ারের ৯তলায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা তালাহ বিন জসিম।
১৮ তলা ভবনের বাইরে একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে আগুন লাগে জানিয়ে গুলশান ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন নিভে গেছে। কোনো সমস্যা হয়নি। অল্প সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়।”
তেজগাঁও ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা নাজিমউদ্দিন সরকার বলেন, “আউটডোরে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ভবনের ভেতরে কিছু হয়নি। আমরা গিয়ে অন্যদের সহায়তায় নির্বাপণ করি।”
তবে এ ধরনের দুর্ঘটনায় প্রচুর ধোঁয়া হয় জানিয়ে তিনি বলেন, “এই ধোঁয়ার কারণে কিছু আতঙ্ক ছিল। তবে ভবনে অবস্থানরত কারো কোনো সমস্যা হয়নি, সবাই নিরাপদে আছে।”
গুলশান থানার ওসি মাযহারুল ইসলাম বলেন, “কারো কোনো ক্ষতি হয়নি। ভবনের বাইরে ধোঁয়া দেখে অনেকের মধ্যে আতঙ্ক দেখা দেয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
