এক মাসের মধ্যে মাদক ব্যবসায়ীদের তালিকা চায় হাই কোর্ট
মাদক ব্যবসার কারণে বছরে পাঁচ হাজার কোটি টাকা পাচার হওয়ার ঘটনা তদন্তেরও নির্দেশ দিয়েছে আদালত।
এক মাসের মধ্যে দেশের শীর্ষ মাদক ব্যবসায়ীদের নাম-ঠিকানাসহ তালিকা চেয়েছে হাই কোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ রোববার মাদকদ্রব্য অধিদপ্তরের ডিজিকে এই তালিকা দিতে নির্দেশ দিয়েছে।
সেইসঙ্গে মাদক ব্যবসার কারণে বছরে পাঁচ হাজার কোটি টাকা পাচার হওয়ার ঘটনা তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১১ জুন ‘মাদক ব্যবসার কারণে বছরে পাচার ৫ হাজার কোটি টাকা’ শিরোনামে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।
একদিন পর আইনজীবী সুবীর নন্দী হাই কোর্টে একটি রিট আবেদন করেন। তাতে অর্থসচিব, স্বরাষ্ট্র সচিব, আইজিপি ও এনবিআরকে বিবাদী করা হয়।
সুবীর নন্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবদনে যে তিনটি পত্রিকার রেফারেন্স টানা হয়েছে সেগুলো হলো বিজিনেস স্ট্যান্ডার্ড, ডেইলি স্টার ও প্রথম আলো। বিষয়টি জরুরি বলে আমরা রুল ও প্রযোজনীয় নিদের্শনা পেয়েছি।”
আবেদনে সংযুক্ত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে মাদকের কারণে প্রতিবছর পাচার হয়ে যায় ৪৮১ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৫ হাজার ১৪৭ কোটি টাকা। আর মাদক কেনাবেচা করে অর্থ পাচারের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে পঞ্চম। এশিয়ার দেশগুলো বিবেচনায় নিলে মাদকের মাধ্যমে টাকা পাচারের ঘটনায় বাংলাদেশের স্থানও শীর্ষে।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাড তাদের ওয়েবসাইটে অবৈধ অর্থপ্রবাহসংক্রান্ত প্রতিবেদনের বরাতে ওই তথ্য প্রকাশ করেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। এতে বাংলাদেশসহ বিশ্বের নয়টি দেশের মাদকসংশ্লিষ্ট অবৈধ অর্থপ্রবাহের অনুমানভিত্তিক হিসাব তুলে ধরেছে সংস্থাটি।
আঙ্কটাডের প্রতিবেদন অনুযায়ী, মাদকের অবৈধ অর্থপ্রবাহের দিক থেকে বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে মেক্সিকো। এরপর যথাক্রমে রয়েছে কলম্বিয়া, ইকুয়েডর, পেরু ও বাংলাদেশ। মাদক এবং অপরাধ প্রতিরোধে কাজ করা জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ইউএনওডিসির সহায়তায় এবং সংশ্লিষ্ট দেশগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকের মাধ্যমে অবৈধ অর্থপ্রবাহের অনুমানভিত্তিক এই হিসাব প্রকাশ করেছে আঙ্কটাড।
তালিকায় এশিয়ার পাঁচটি দেশের নামও রয়েছে; এর মধ্যে শীর্ষে থাকা বাংলাদেশের পরেই আছে মালদ্বীপ ও নেপাল। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে আফগানিস্তান ও মিয়ানমার।
