কমবে বৃষ্টি, লঘুচাপের আভাস
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ১৮ তারিখ থেকে পরবর্তী চার দিন বৃষ্টিপাতের পরিমাণ কমে আবার ২২ তারিখ থেকে বাড়বে।
ভাদ্র মাস আর শরৎ ঋতুর প্রথম দিন ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হলেও বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার রাতে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “আজ ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কালকেও কিছুটা বৃষ্টি হবে। কিন্তু ১৮ তারিখ থেকে পরবর্তী চার দিন বৃষ্টিপাতের পরিমাণ আরও কমবে। ২২ তারিখ থেকে আবার বাড়বে।”
তিনি আরও বলেন, “বৃষ্টিপাত কমলে তাপমাত্রাও বাড়বে। তবে সেটা অসহনীয় মাত্রার হবে না।”
এই সময় সাগরে একটা লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে ওমর ফারুক বলেন, “কাল থেকে বৃষ্টি কমার কারণ হলো, মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়েছে। সেইসাথে, আগামী ৩-৪ দিনের মধ্যে সাগরে একটা লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।”
এদিকে বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এতে আরও বলা হয়, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী অবস্থায় রয়েছে। এই মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।
পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনার কুমারখালীতে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে রংপুর অঞ্চলে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীর বদলগাছীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে কম ছিল চট্টগ্রামের কুতুবদিয়ায় ২৪ ডিগ্রি সেলসিয়াস।
