১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৯ ঘণ্টা পর টেনে তোলা হল ওয়াটার বাসটি

ভেতরে আর কারো লাশ পাওয়া যায়নি।

৯ ঘণ্টা পর টেনে তোলা হল ওয়াটার বাসটি

ঢাকার সদরঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে রোববার রাতে ডুবে যাওয়া ওয়াটার বাসটি সোমবার সকালে উদ্ধার করা হয়। শ্যামবাজারের কাছ থেকে ওয়াটার বাসটিকে টেনে নিয়ে পোস্তগোলায় তোলে উদ্ধারকারী জাহাজ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 10:21 AM

Updated : 17 Jul 2023, 12:04 PM

ঢাকার সদরঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া ওয়াটার বাসটি প্রায় ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

নৌ পুলিশের এসপি (ঢাকা বিাভাগ) গৌতম কুমার বিশ্বাস সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর সাড়ে ৫টার দিকে ওয়াটারবাসটি নদী থেকে টেনে তোলা হয়েছে। ভেতরে আর কারো লাশ পাওয়া যায়নি।"

রোববার রাত সাড়ে ৮টার দিকে বিআইডব্লিউটিসির ওয়াটার বাসটি সদরঘাটের ওপারে কেরানীগঞ্জের তেলঘাট থেকে শ্যামবাজারের পাশে লালকুঠি ঘাটে আসার সময় দুর্ঘটনায় পড়ে।

একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগলে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ওয়াটারবাসটি ডুবে যায়।যাত্রীদের অধিকাংশই সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন নিখোঁজ থাকেন।

Image

ঢাকার সদরঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে রোববার রাতে ডুবে যাওয়া ওয়াটার বাসটি সোমবার সকালে উদ্ধার করা হয়। শ্যামবাজারের কাছ থেকে ওয়াটার বাসটিকে টেনে নিয়ে পোস্তগোলায় তোলে উদ্ধারকারী জাহাজ।

খবর পেয়ে নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেন। দুই ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে চারজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেন তারা।

চারজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।

তারা হলেন দক্ষিণ কেরানীগঞ্জের মোহাম্মদ আলিফ (১৪), দোহারের মোহাম্মদ ফাহিম (৩০) এবং আনুমানিক ৫০ বছর বছর বয়সী এক ব্যক্তি, তার নাম জানা যায়নি।

মধ্যরাতে বিআইডব্লিউটিএ এর একটি উদ্ধারকারী জাহাজ ডুবে যাওয়া ওয়াটার বাসটিকে টেনে তোলার চেষ্টা করে। সকালে সেটি টেনে তীরে নিয়ে আসা হয়।

পুরানো খবর:

বুড়িগঙ্গায় ওয়াটার বাসডুবি: ৩টি লাশ হাসপাতালে