‘গুমের’ ঘটনা তদন্তে নিরপেক্ষ কমিশন চায় আসক
গুমবিরোধী আন্তর্জাতিক দিবসের আগের দিন সোমবার এক বিবৃতিতে এসব দাবি জানিয়েছে আসক।
প্রতিটি নিখোঁজ বা ‘গুমের’ ঘটনা তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানিয়েছে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
একইসঙ্গে ‘গুম’ সংক্রান্ত আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করা এবং গুমকে ‘অপহরণ’ নয়, সুনির্দিষ্ট অপরাধ হিসেবে আইনের অন্তর্ভুক্ত করাসহ সরকারের কাছে ছয়টি দাবি জানিয়েছে সংস্থাটি।
গুমবিরোধী আন্তর্জাতিক দিবসের আগের দিন সোমবার এক বিবৃতিতে এসব দাবি জানিয়েছে আসক।
জাতিসংঘ প্রতিবছর ৩০ অগাস্টকে ‘গুম’ বা ‘বলপূর্বক অন্তর্ধানের শিকার ব্যক্তিদের’ স্মরণে এ দিসব পালন করে।
আসক এর নির্বাহী পরিচালক নূর খান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বারবার ‘গুমের’ ঘটনাগুলো অস্বীকার করা হয়েছে। তবে বিভিন্ন সময়ে পরিবার বা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, সাংবাদিক বা মানবাধিকার সংগঠনের তথ্যানুসন্ধানে ‘গুমের’ সুষ্পষ্ট অভিযোগ উঠে এসেছে। বেশ কিছু ক্ষেত্রে তুলে নেওয়ার কিছুদিন পর গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও গণমাধ্যমে খবর বেরিয়েছে।“
বিবৃতিতে জানানো হয়, বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী ২০১৯ থেকে চলতি বছরের ২৯ অগাস্ট পর্যন্ত ২৮ জন ‘গুমের’ শিকার (নিখোঁজ) হয়েছে বলে স্বজনেরা অভিযোগ তুলেছেন। এদের মধ্যে পরে ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পাঁচজন ফেরত এসেছে। অন্যরা এখনও নিখোঁজ রয়েছেন।
এসব প্রেক্ষাপটে আসক সরকারের কাছে এই ছয় দফা দাবি জানিয়েছে বলে বিবৃতিতে তুলে ধরা হয়।
