২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে দগ্ধ আরেকজনের মৃত্যু

এ নিয়ে এক সপ্তাহ আগের ওই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হল। হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই জন।

কেরাণীগঞ্জে দগ্ধ আরেকজনের মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 11:59 AM

Updated : 05 Sep 2022, 12:00 PM

ঢাকার কেরাণীগঞ্জে টিনশেড বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে দগ্ধ আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ নিয়ে এক সপ্তাহ আগের ওই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হল। হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই জন।

পান্না বেগম নামের ৫০ বছর বয়সী ওই নারী সোমবার ভোর ৫টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।

হাসপাতালের আবাসিক চিকিৎসক আইউব হোসেন বলেন, “পান্না বেগমের শরীর ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল।”

পুরনো খবর:

কেরাণীগঞ্জে গ্যাসের আগুনে ৬ জন দগ্ধ
কেরাণীগঞ্জে দগ্ধ আরও দুজনের মৃত্যু

গত ৩০ অগাস্ট ভোরে জিনজিরা মান্দাইল জেলেপাড়ার টিনশেড বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লাগলে দুই শিশুসহ ছয়জন দগ্ধ হন। তাদের মধ্যে আট বছর বয়সী মরিয়ম আক্তার ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এরপর শুক্রবার দুপুরে মরিয়মের খালাতো ভাই সাহাদত হোসেন (২০) এবং সন্ধ্যায় তাদের নানি মোছাম্মৎ বেগম (৬০) মারা যান। সোমবার মারা যাওয়া পান্না বেগম ছিলেন মোছাম্মৎ বেগমের খালাতো বোন।

চিকিৎসক আইউব হোসেন জানান, মরিয়মের মা সোনিয়া আক্তার (২৬) এবং সাহাদতের ভাই ইয়াছিনের (১২) অবস্থাও আশঙ্কাজনক।

সাহাদতের ও ইয়াছিনের মা সালমা আক্তার হলেন মোছাম্মৎ বেগমের বড় মেয়ে। সেদিন তিনি বাড়ি ছিলেন না।

ঘটনার পর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানিয়েছিলেন, মান্দাইল জেলেপাড়ার একটি টিনশেড ঘরে আগুন লাগার খবর পেয়ে তাদের কর্মীরা সেখানে গিয়েছিলেন। তবে তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। তারাই দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কেরাণীগঞ্জ মডেল থানার ওসি মামুন অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “এই দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু আত্মীয়স্বজন সবাই হাসপাতালে ভর্তি থাকায় বেশি কিছু জানা সম্ভব হয়নি।"