কেরাণীগঞ্জে গ্যাসের আগুনে ৬ জন দগ্ধ
ফায়ার সার্ভিস বলছে, গ্যাস লাইনের ছিদ্র থেকে ওই বাসায় আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঢাকার কেরাণীগঞ্জে এক টিনশেড বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে দুই শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে জিনজিরা মান্দাইল জেলেপাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন।
দগ্ধরা হলেন- মোছাম্মৎ বেগম (৬০), তার মেয়ে সোনিয়া আক্তার (২৬), সোনিয়ার মেয়ে মরিয়ম আক্তার (৮), বেগমের নাতি সাহাদত হোসেন (২০) ও ইয়াছিন (১২) এবং পান্না বেগম (৫০)।
তারা সবাই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি আছেন। তবে কারও অবস্থাই ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসক।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, বেগমের শরীরের ২৩ শতাংশ, পান্না বেগমের ৩০ শতাংশ, সাহাদতের ৫২ শতাংশ, সোনিয়ার ২৩ শতাংশ, ইয়াছিনের ২৮ শতাংশ এবং মরিয়মের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, মান্দাইল জেলেপাড়ার একটি টিনশেড ঘরে আগুন লাগার খবর পেয়ে তাদের কর্মীরা সেখানে গিয়েছিলেন। তবে তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। তারাই দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
“আমাদের কর্মীরা ঘটনাস্থল দেখেছে। গ্যাস লাইনের ছিদ্র থেকে এ দুর্ঘটনা ঘটেছে বলে তাদের মনে হয়েছে।”
