যাত্রাবাড়ীতে পুড়ল রেস্তোরাঁ
ফায়ার সার্ভিসের দশটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকার উত্তর যাত্রাবাড়ীর আরবেন রেস্টুরেন্ট, চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টার আগুনে পুড়ে গেছে।
রোববার ভোরে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শাহজাহান সিকদার জানিয়েছেন।
তিনি বলেন, উত্তর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার ওই রেস্তোরাঁয় রোববার ভোর ৬টার দিকে আগুন লাগার খবর পান তারা।
বিভিন্ন এলাকা থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। সেখানে কারও হতাহত হওয়ারও তথ্য মেলেনি।
এর আগে গত ১৫ অগাস্ট পুরান ঢাকার চক বাজারে একটি রেস্তোরাঁয় আগুন লেগে ছয় কর্মীর মৃত্যু হয়।
