নাশকতা: ১০ বছর আগের মামলায় যুবদলের নীরবসহ ১০ জনের সাজা
২০১৩ সালে কারওয়ানে বাজারে একটি ট্যাক্সিতে অগ্নিসংযোগের অভিযোগ ছিল মামলায়।
ঢাকার তেজগাঁও থানায় দশ বছর আগে দায়ের করা নাশকতার একটি মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ ১০ বিএনপি নেতাকর্মীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান, লুৎফর রহমান, শাহীন ওরফে গান্ডু শাহীন, তরিকুল ইসলাম ওরফে ঝন্টু, আমিনুল ইসলাম জাকির, গোলাম কিবরিয়া শিমুল, বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম ও জাকির হোসেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আনোয়ার জানান, রায়ে একটি ধারায় তাদের আড়াই বছরের কারাদণ্ড এবং অপর একটি ধারায় ৬ মাসের সাজা দেওয়া হয়।
রায় ঘোষণার সময় সাইফুল আলম নীরব ও আনোয়ার আদালতে হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। পলাতক অপর আট আসামিকে ধরতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রায়ে জানা যায়, বাবুল নামে এক ট্যাক্সিচালক ২০১৩ সালের ২৬ মার্চ সন্ধ্যায় মহাখালী থেকে তিনজন যাত্রী নিয়ে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিলেন। রাত ৮টার দিকে কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে পৌঁছালে কয়েকজন পথরোধ করে তার গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
এ ঘটনায় বাবুল তেজগাঁও থানায় মামলা করেন। পরে ওই থানার এসআই মাহবুবুর রহমান ঘটনা তদন্ত করে ২০১৪ সালের ১৪ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সোমবার রায় এল।
