ঝড়ের মধ্যে ঢাকায় দেয়ালধসে রিকশাচালকের মৃত্যু
জিগাতলার মনেশ্বর রোডে একটি ভবনের রেলিং ভেঙে পড়ে পাশের সড়কে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টি আর ঝড়ের মধ্যে ঢাকার হাজারীবাগে দেয়াল ধসে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় জিগাতলার মনেশ্বর রোডে এ ঘটনায় আহত হয়েছেন এক মোটর সাইকেল চালক।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার সকাল থেকেই ঢাকায় বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যায় ঝড়টি বরিশাল দিয়ে উপকূল অতিক্রম শুরু করলে ঢাকায়ও ঝড়ো হাওয়া বইতে থাকে।
তার মধ্যেই মনেশ্বর রোডে দেয়াল ধসের ঘটনাটি ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে রিকশাচালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাত সাড়ে ১০টা পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
আহত মোটর সাইকেল চালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক খন্দকার বলেন, “ঘটনার সময় বিদ্যুৎ চমকাচ্ছিল। নিহত ব্যক্তি রিকশা নিয়ে যাচ্ছিলেন। পাশ দিয়ে যাচ্ছিলেন বাইক আরোহী। তখন চারতলা একটি ভবনের ছাদের রেলিং ধসে পড়ে।”
এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সোমবার ভোলা ও নড়াইলে গাছ ভেঙে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
নিহতরা হলেন- ভোলার দৌলতখানের বিবি খাদিজা (৮০), চরফ্যাশনের আলম স্বর্ণকার এবং নড়াইলের লোহাগড়ার মর্জিনা বেগম (৪০।
