‘৫০ লাখ টাকা লুট’: ২ নারীসহ চার চীনা নাগরিক গ্রেপ্তার, রিমান্ড
উত্তরার একটি রেস্তোরাঁয় আরেক চীনা নাগরিককে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে।
ভয় দেখিয়ে ও মারধর করে ৫০ লাখ টাকা লুটের অভিযোগে ঢাকায় চার চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ; যাদের মধ্যে দুইজন নারী।
উত্তরার একটি রেস্তোরাঁয় আরেক চীনা নাগরিকের কাছ থেকে এ টাকা ছিনিয়ে নেওয়ার মামলার পর বারিধারা ও উত্তরায় গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের কথা জানান উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন।
আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য তাদের তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ বলে জানান তিনি।
গ্রেপ্তাররা হলেন- জিয়াও উন (৪২), লিউ জিয়ানউ (৪৩), ইয়ান লিউ জুন (৩৯) ও লি মিন (৩২)।
ওসি জানান, উত্তরার তিন নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কে একটি রেস্তোরাঁ পরিচালনা করেন লি জিং নামে আরেক চীনা নারী। স্বামী জাহাঙ্গীর আলমকে নিয়ে তিনি এটি চালান। বাংলাদেশের একটি ডিপার্টমেন্টাল স্টোরে চাকরির সূত্র ধরে অন্য এক চীনা নাগরিকের সঙ্গে তাদের পরিচয় হয়। চীন থেকে বিভিন্ন পণ্য কম দামে আনার জন্য জিলিন নামের আরেক চীনা নাগরিকের সঙ্গে আলাপ হয় সম্প্রতি। এ আলোচনার সূত্র ধরে বাংলাদেশি মুদ্রায় ৫০ লাখ টাকা নিয়ে ওই রেস্তোরাঁয় চেন ইয়াং নামের আরেক স্বদেশীর অপেক্ষায় ছিলেন জিলিন।
দীর্ঘক্ষণ অপেক্ষার পর চেন ইয়াং আসেননি। তবে তার একজন প্রতিনিধি পরিচয়ে নারীসহ আরও কয়েক চীনা নাগরিক সেখানে হাজির হয়ে টাকা দিতে বলেন। কিন্তু সন্দেহ হওয়ায় টাকা দিতে অস্বীকার করেন জিলিন।
তখন ভয়ভীতি দেখিয়ে ও মারধর করে ৫০ লাখ টাকা ছিনিয়ে নেন আগতরা বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা মোহসীন জানান, গ্রেপ্তাররা বাংলাদেশে বসবাস করছে এবং বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। চেন ইয়াংকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
