২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আমরণ অনশনের ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের

“আমরা ৫ মিনিটের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই,” বলেছেন শিক্ষক নেতা শেখ কাওছার আলী।

আমরণ অনশনের ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের

জাতীয় প্রেস ক্লাবের সামনে তিন সপ্তাহ ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 07:16 PM

Updated : 31 Jul 2023, 07:17 PM

তিন সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান কর্মসূচি পালনের পর এবার আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা।

সরকারের সাড়া না মেলার মধ্যে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে তারা জানান, মঙ্গলবার থেকে শুরু হবে অনশন।

আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসা বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমদ বলছেন, কেবল প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেই তারা ঘরে ফিরে যাবেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ৫ মিনিটের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই। এর কারণ হচ্ছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনতে চাই।

“জাতীয়করণ একটি সময় সাপেক্ষ ব্যাপার। দুই বছর বা পাঁচ বছরে এটি করা একটি সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু তারপরও এটা শুরু হোক।”

বর্তমান বাজারে শিক্ষকদের দুরবস্থা তুলে ধরে কাওছার বলেন, “আমরা এখন মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, ১ হাজার টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পাই।

“এই জায়গাটায় তো একটা সুদৃষ্টি দেয়া যায়। এই জায়গাটায় প্রধানমন্ত্রীর মেসেজটা কী- সেটা আমরা জানতে চাই। ওনাকে এখনইঘোষণা দিতেই হবে- এমনটা না। কারণ আমরা বুঝি, নির্বাচনের তফসিল ঘোষণার আর মাত্র দুই মাস বাকি।”

পুরনো খবর:

শিক্ষকরা রাজপথেই থাকছেন, শিক্ষামন্ত্রী বললেন ভোটের আগে জাতীয়করণ সম্ভব নয়

বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে রয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষকরা।

গত ১৯ জুলাই আন্দোলনরত শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সংসদ নির্বাচনের আগে এই দাবি মানা সম্ভবপর নয় জানালেও জাতীয়করণের বিষয়টি বিবেচনার জন্য দুটি কমিটি গঠনের কথা বলেছিলেন তিনি।

শিক্ষামন্ত্রী যে দুটি কমিটি করার কথা বলেছিলেন, সেখানে বিভিন্ন সংগঠনের শিক্ষক নেতাদের রাখার প্রস্তাব দেন কাওছার।

শিক্ষামন্ত্রীর কথায় আন্দোলনরত শিক্ষকরা সন্তুষ্ট হতে পারেনি জানিয়ে তিনি বলেন, “শিক্ষামন্ত্রী বলেছেন, নির্বাচনের আগে কিছুই দেওয়া যাবে না। আমরা তখন বলেছিলাম, উৎসব ভাষার ঘোষণা দিলে সেটা পাব আগামী বছর। কারণ নির্বাচনের আগে তো উৎসব ভাতা আসবে না। তারপরও উনি বললেন, নির্বাচনের আগে কোনো ঘোষণা দেওয়া যাবে না। এজন্যই আমাদের কথা হচ্ছে, আমরা প্রধানমন্ত্রীর সাথে একটু দেখা করতে চাই।”

পুরনো খবর:

শিক্ষকদের আন্দোলনের পেছনে উসকানি আছে: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের এখন নির্দিষ্ট কোনো দাবি নেই জানিয়ে এই শিক্ষক নেতা বলেন, “আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চাই না। আমরা উনার মুখের একটা কথা শুনলেই ঘরে ফিরে যাব। কারণ আমরা জানি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে সাক্ষাৎ করলেই এর সমাধান হয়ে যাবে।”