ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৮ অগাস্ট থেকে আদালতের সামনে আসামি পক্ষের সাক্ষীদের হাজির করতে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর কৌঁসুলিদের আদেশ দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
সাঈদীর কৌঁসুলিদের আগামী ২৩ অগাস্টের মধ্যে প্রাথমিকভাবে ২০ জন সাক্ষীর একটি তালিকাও জমা দিতে বলা হয়েছে।
যুদ্ধাপরাধের অভিযোগে কারাঅন্তরীণ জামায়াত নেতাদের মামলা পরিচালনাকারী অন্যতম কৌঁসুলি মিজানুল ইসলাম আসামি পক্ষের সাক্ষীদের সংখ্যা সীমিত না করতে আদালতের আবেদন জানান।
তিনি বলেন, এরকম সংখ্যা বেঁধে দেওয়ার কোনে এখতিয়ার ট্রাইব্যুনালের নেই এবং আসলেই এরকম কিছু করা হলে বিচার এগুনোর কোনো মানে হয় না।
“তাহলে আমরা বাসায় চলে যাই, এবং আদালত রায় বিচার করুক,” বলেন মিজানুল। এরকম আদেশ ‘অযৌক্তিক ও অবৈধ’ বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক যুক্তি তুলে ধরে বলেন, “দেখুন, আমরা জেরার ক্ষেত্রেও সময়সীমা বেঁধে দিয়েছিলাম। তারপর আমরা আবার সময় বাড়িয়ে দিয়েছিলাম এবং এটার প্রয়োজন ছিল।”
নিজামুল হক বলেন, প্রয়োজনবোধে আদালত অবশ্যই সাক্ষীদের সংখ্য বিবেচনা করবে। “আমরা যদি দেখি যে আরো সাক্ষী হাজির করার প্রয়োজন তাহলে আমরা বিবেচনা করে দেখব,” আশ্বাস দেন তিনি।
বিচারক আদেশে বলেন, যেহেতু প্রসিকিউশন আদালতে ২০ জন সাক্ষী হাজির করেছিল, তাই আসামি পক্ষকেও ২০ জনই হাজির করতে হবে। তা না হলে বিচার কাজে দেরি হবে।
তিনি বলেন, “ট্রাইব্যুনালের ওপর ধৈর্য ও আস্থা রাখুন। আপনাদের ওপর অবিচার করা হবে না।”
যুদ্ধাপরাধের মামলার আসামিদের মধ্যে সাঈদীর মামলা সবচেয়ে বেশি এগিয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটসহ যুদ্ধাপরাধের ২০টি ঘটনায় ২০১১ সালের ৩ অক্টোবর সাঈদী অভিযুক্ত হন।
২০১০ সালের ২৯ জুন সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং ১৪ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, অন্তত নয়জনকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে
অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এমআই/২২৩৭ ঘ.
bdnews24