২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ২২ জুলাই

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 04:27 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার নিজামীর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য শুনে আগামী ২২ জুলাই মামলার প্রথম সাক্ষীকে আদালতে হাজির করার নির্দেশ দেন। গত ২৯ মে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ১৬টি ঘটনায় নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয়, ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর ছাত্র শাখা ইসলামী ছাত্র সংঘের প্রধান হিসেবে বাঙালির ওপর হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন, ধর্মান্তরকরণের মতো অপরাধের নেতৃত্ব দেন তিনি। এছাড়া বাঙালির স্বাধীনতা লাভের প্রচেষ্টাকে নস্যাৎ করতে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী সংগঠন হিসেবে আল বদর বাহিনী গঠন করে তার নেতৃত্ব দেন নিজামী। নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগের মধ্যে একাত্তরের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যার বিষয়টিও রয়েছে। নিজামীর ‘যুদ্ধাপরাধ’ নিজামীর বিরুদ্ধে প্রথম অভিযোগ, ১৯৭১ সালের জুনে পাবনায় কাশিমউদ্দিন নামে এক মুক্তিযোদ্ধাকে হত্যায় জড়িত ছিলেন তিনি। নিজামীর পরামর্শে পাকিস্তানি সৈন্যরা কাশিমউদ্দিনকে গ্রেপ্তার ও নির্যাতন করে এবং তার উপস্থিতিতেই কাশিমকে গুলি চালিয়ে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগে বলা হয়, পাকিস্তানি সেনাবাহিনী শান্তি বজায় রাখতে চায়-এ ঘোষণা দেওয়ার জন্য একাত্তরের ১০ মে সাথিয়া উপজেলার বাউশবাড়ী গ্রামের বাসিন্দাদের স্থানীয় রুপসী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জড়ো হতে বলেন নিজামী। ১৪ মে পাকিস্তানি সেনাবাহিনী সেখানে পৌঁছে উপজেলার বাউশবাড়ী ও ডেমরা গ্রামের সাড়ে চারশ’ মানুষকে হত্যা করে। সে সময় ৩০ থেকে ৪০ জন নারীকে ধর্ষণ করে তারা এবং অনেককে দেশ ছাড়তে বাধ্য করে। আর এসবই হয় নিজামী ও তার সহযোগীদের সহায়তায়। তৃতীয় অভিযোগে বলা হয়েছে, নিজামী নিয়মিত মোহাম্মদপুরের ফিজিক্যাল ট্রেইনিং সেন্টারে যেতেন যেখানে পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতার জন্য রাজাকার, আল বদর ও আল শামস বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হতো। এখানেই চোখ বেঁধে এনে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। অনেক নারীকেও এখানে এনে ধর্ষণ করা হয়। যুদ্ধাপরাধের ষড়যন্ত্র করতে নিজামী সেখানে যেতেন এবং সেখানে সংগঠিত অপরাধের সঙ্গে তার সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে অভিযোগে বলা হয়েছে। ১৯৭১ সালের ৮ মে সাথিয়া উপজেলার করম জা গ্রামে মন্দিরের সামনে লাইনে দাঁড় করিয়ে বেশ কয়েকজনকে গুলি করে হত্যা ও তিন নারীকে ধর্ষণ এবং ওই হত্যাকাণেডর পর লুটপাটের ঘটনায় নিজামী জড়িত ছিলেন বলে তার বিরুদ্ধে চতুর্থ অভিযোগে বলা হয়। পরের অভিযোগে বলা হয়েছে, একাত্তরের ১৬ এপ্রিল নিজামী ও তার সহযোগীদের সহায়তায় আড়পাড়া ও ভুতের বাড়ি গ্রামে ২১ জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়। নিজামী ও তার সহযোগীদের পরামর্শে একাত্তরের নভেম্বরে সাথিয়ায় মুক্তিযোদ্ধা আব্দুল আওয়ালের বাড়িতে পাকিস্তানি সেনাবাহিনী অভিযান চালিয়ে ৩০ জনকে হত্যা করে বলে ষষ্ঠ অভিযোগে বলা হয়। পাকিস্তানি সেনাবাহিনী চলে যাওয়ার পর নিজামীর নেতৃত্বাধীন রাজাকার বাহিনীর সদস্যরা অন্য ২২ জন বাঙালিকে ধরে নিয়ে ইছামতি নদীর তীরে হত্যা করে। সপ্তম অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধে যাওয়া ছেলের তথ্য জানতে পাবনায় একাত্তরের ৩ ডিসেম্বর ওই মুক্তিযোদ্ধার বাবাকে হত্যায় জড়িত ছিলেন নিজামী। ১৯৭১ সালের ৩০ অগাস্ট নিজামী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ রাজধানীর এমপি হোস্টেলে যান। সেখান থেকে শহীদ জননী জাহানারা ইমামের ছেলে রুমিসহ বেশ কয়েকজন তরুণকে হত্যার নির্দেশ দেন নিজামী বলা হয়েছে তার বিরুদ্ধে আনা অষ্টম অভিযোগে। পরবর্তী অভিযোগে বলা হয়, একাত্তরের ১২ ডিসেম্বর পাবনার বেড়া থানার বৃশালিকা গ্রাম ঘেরাও করে ৭০ জনকে গুলি করে হত্যা ও ৭২টি বাড়িতে আগুন দেওয়া হয় নিজামীর ইঙ্গিতে। দশম অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধের শুরুর দিকে নিজামীর নির্দেশে স্থানীয় রাজাকাররা সাথিয়ায় অনীল চন্দ্র কুন্ডুর বাড়িতে হামলা করে লুটতরাজ ও ধ্বংসযজ্ঞ চালায়। একাদশ অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের অগাস্টে ইসলামী ছাত্র সংঘের চট্টগ্রাম শাখা আয়োজিত এক সভায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুসলমানদের উস্কানি দেওয়ার চেষ্টা করেন নিজামী। “পাকিস্তান আল্লাহর ঘর--পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে পাকিস্তান ধ্বংস করতে পারে,” বলেন নিজামী। তার বিরুদ্ধে পরবর্তী অভিযোগ, একাত্তরের ২২ অগাস্ট ইসলামিক অ্যাকাডেমি হলে এক সভায় মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মুসলিমদের উস্কে দেওয়ার জন্য বক্তব্য দেন নিজামী। পাকিস্তানের শত্র“দের বিরুদ্ধে অস্ত্র হাতে নেওয়ার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানান তিনি। এর পরের অভিযোগ হলো, একাত্তরের ৮ সেপ্টেম্বর পাকিস্তানের প্রতিরক্ষা দিবসে স্বাধীনতাযুদ্ধের বিরুদ্ধে মুসলমানদের উস্কানি দেওয়ার জন্য বক্তব্য প্রদান। চতুর্দশ অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ১০ সেপ্টেম্বর যশোরে রাজাকারদের এক সমাবেশে উস্কানি দেওয়ার জন্য কোরআন শরীফের একটি সুরার অপব্যাখ্যা করেন নিজামী। পরের অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় সাথিয়ায় রাজাকার ক্যাম্পে নিয়মিত যাতায়াত করতেন বলে সেখানে রাজাকার বাহিনীর সদস্যদের করা মনাবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নিজামীর বিরুদ্ধে সর্বশেষ অভিযোগ আনা হয়েছে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার সঙ্গে তার সম্পৃক্ততা বিষয়ে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করে পুলিশ। একই বছরের ২ অগাস্ট তাকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত বছর ১১ ডিসেম্বর জামায়াতের আমীরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। গত ৯ জানুয়ারি ট্রাইব্যুনাল এ অভিযোগ আমলে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/২২২০ ঘ.