ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দেশটির যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত স্টিফেন জে র্যাপ।
তিনি এও বলছেন, এই বিচার এমন হতে হবে যেন তা অন্যান্য দেশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে।
সোমবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক শেষে জে র্যাপ সাংবাদিকদের বলেন, "আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে।"
অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ স্টিফেন র্যাপ তিন দিনের সফরে রোববার ঢাকা পৌঁছান। বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়ার অগ্রগতি বিষয়ে এটি ঢাকায় তার দ্বিতীয় সফর। এর আগে গত ৯ জানুয়ারি চার দিনের সফরে ঢাকা এসেছিলেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুদ্ধাপরাধের বিচার ছাড়াও দীপু মনির সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন র্যাপ।
এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক, প্রসিকিউটর ও তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হওয়ার কথা উল্লেখ করে যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়ার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।
বিচার কার্যক্রমকে দক্ষতার সঙ্গে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ারও ইঙ্গিত দেন এই মার্কিন দূত।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে আন্তর্জাতিক মানদণ্ড মেনে যুদ্ধাপরাধের বিচার করার বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা তাকে ব্যক্ত করেন।
তিনি বলেন, জনগণের দাবির মুখেই এ বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/২২৫২ ঘ.
bdnews24