২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে শিগগিরই অভিযোগ গঠন: কামরুল

চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে খুব শিগগিরই অভিযোগ গঠন করা হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 07:01 AM

Updated : 25 Aug 2022, 12:08 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে খুব শিগগিরই অভিযোগ গঠন করা হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য ষড়যন্ত্র করছে-এ অভিযোগ করে তিনি বলেন, "বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর বিএনপি ঘাতকদের সামাজিক ও রাজনৈতিকভাবে পুর্নবাসিত করেছে। এখন তারা যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা চালাচ্ছে। এজন্য নানাভাবে ষড়যন্ত্রও হয়েছে।" তিনি বলেন, "হরতাল করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে না।" হরতাল প্রসঙ্গে তিনি বলেন, "আওয়ামী লীগ হরতালকে প্রতিহত করবে না। তবে জনগণ যাতে হরতাল প্রত্যাখ্যান করে সেজন্য জনমত গঠনে কাজ করবে।" বর্তমান সরকারের সময়েই চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার করা হবে জানিয়ে তিনি বলেন, "এজন্য খুব শিগগিরই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।" বিচার প্রক্রিয়ায় সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের সর্ম্পকে আপনাদের কাছে যদি তথ্য উপাত্ত থাকে তবে অবিলম্বে তদন্ত কমিটির কাছে জমা দেন।" বঙ্গবন্ধু একাডেমী 'হরতাল নয়, শান্তি চাই-যুদ্ধাপরাধীদের বিচারের বিকল্প নাই' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। সভায় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু একাডেমীর উপদেষ্টা এম এ করিম, সাধারণ সম্পাদক মো. হুমায়ন কবীর মিজি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১২৫৪ ঘ.