২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজাকার ছিলাম না: মতিন

মুক্তিযুদ্ধের সময় সরকারি চাকরিতে যোগ দেওয়ার কথা স্বীকার করলেও স্বাধীনতাবিরোধী কোনো সংগঠনে যুক্ত ছিলেন না বলে দাবি করেছেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার প্রধান আব্দুল মতিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 12:09 PM

Updated : 24 Aug 2022, 09:05 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় সরকারি চাকরিতে যোগ দেওয়ার কথা স্বীকার করলেও স্বাধীনতাবিরোধী কোনো সংগঠনে যুক্ত ছিলেন না বলে দাবি করেছেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার প্রধান আব্দুল মতিন। অবসরপ্রাপ্ত এ আমলা বলেছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি প্রার্থী হয়েছিলেন। ছাত্র সংঘের হয়ে নয়। জামায়াতে ইসলামী সমর্থক ইসলামী ছাত্র শিবিরের পূর্বসূরি সংগঠন ইসলামী ছাত্র সংঘ। যুদ্ধকালে ছাত্রসংঘের কর্মীদের নিয়ে গঠিত আল-বদর বাহিনীর বিরুদ্ধে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ শুক্রবার এক অনুষ্ঠানে অভিযোগ করেন, মতিন ছাত্র সংঘ করতেন। তিনি বলেন, "যুদ্ধাপরাধের বিচারে গঠিত কমিটির প্রধান তদন্ত কর্মকর্তা ইসলামী ছাত্র সংঘের একটি কলেজ শাখার সভাপতি পদের জন্য মনোনীত প্রার্থী ছিলেন। তিনি এ কমিটির প্রধান হওয়ায় বিচারের অবস্থা কী দাঁড়াবে, তা নিয়ে আমাদের সিরিয়াসলি ভাবতে হবে।" এ অভিযোগ প্রত্যাখ্যান করে মতিন রোববার পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ছাত্রজীবন থেকে এখন পর্যন্ত কখনোও তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হননি। "১৯৬৩ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএম কলেজ থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। ছাত্র সংঘ বা কোনো রাজনৈতিক দলের মনোনয়ন নেওয়ার প্রশ্নই উঠে না", বলেন তিনি। মতিন জানান, পরিবার ও 'পারিপার্শ্বিক অবস্থার' কথা ভেবে এমএ পাস করার পর ১৯৭১ সালের শেষের দিকে তিনি ময়মনসিংহে মুনসেফ হিসেবে চাকরিতে যোগদান করেন। "চাকরীজীবী হওয়া আর রাজাকার হওয়া এক বিষয় নয়। আমি রাজাকার ছিলাম না, মুক্তিযুদ্ধের প্রতি অনুগত ছিলাম", বলেন তিনি। অভিযোগের ওঠার কারণে পদত্যাগ করার কথা ভাবছেন কি না- প্রশ্ন করা হলে মতিন বলেন, "সরকার আমাকে নিয়োগ দিয়েছে। তারা যদি চায় তাহলে পরে সিদ্ধান্ত নেব।" একাত্তরের মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারে ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠন করে সরকার। সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মতিনের নেতৃত্বে গঠিত হয় সাত সদস্যের তদন্ত সংস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেবি/এমআই/১৭১০ ঘ.