জামালপুর, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে জামালপুরের একটি আদালতে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় গ্রামের নবী হোসেন।
হাকিম জাহাঙ্গীর আলম মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বকশিগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদির আইনজীবী মীর মেহেদী হাসান সোহেল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার আসামিরা হলেন, বাট্টাজোড় গ্রামের বাবুল চিশতী, শেরপুরের শ্রীবর্দী উপজেলার ইচে শেখ ও জালাল উদ্দিন।
বাদির অভিযোগ, ১৯৭১ সালে আসামিরা আলবদর ও আল শামস বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। তারা মানুষের বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ, খুন ও ধর্ষণের সঙ্গে জড়িত ছিলেন।
ওই বছরের ১২ নভেম্বর বাদির বড় ভাই মুক্তিযোদ্ধা আক্তার হোসেনকে আসামিরা বাট্টাজোড় গ্রাম থেকে ধরে নিয়ে যায় বকশিগঞ্জ সদরে হানাদার পাকিস্তানি বাহিনীর ক্যাম্পে। সেখানে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯৫৯ ঘ.
bdnews24