Published : 23 Jul 2023, 10:48 AM
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে ‘ফুড সিস্টেম’ সম্মেলনে যোগ দিতে ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, রোববার ভোর ৫টার পর কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন সরকারপ্রধান।
সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
স্থানীয় সময় রোববার দুপুরে ইতালির রোম পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
২৪ থেকে ২৬ জুলাই রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে ‘ফুড সিস্টেম’ সম্মেলন হবে। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ ফোরামে যোগ দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব হাসান জাহিদ তুষার।
তিন দিনের এই সফরে খাদ্য সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওই বৈঠকের পর দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা ও সংস্কৃতি বিনিময় বিষয়ে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে ২০ জুলাই এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
ইতালি সফরে নেপালের প্রধানমন্ত্রী, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক ও ইন্টারন্যাশনাল ফান্ড অব অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট (আইএফএডি) এর প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সফর শেষে আগামী ২৬ জুলাই দেশের পথে রওনা হবেন শেখ হাসিনা।