২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃত্রিম হাত, তার ভেতর ইয়াবা

পুলিশ জানায়, কয়েকবছর আগে বিদ্যুৎপৃষ্ট হলে বাম হাতের কনুই পর্যন্ত কেটে ফেলতে হয় রানার; এরপর একটি কৃত্রিম হাত সংযোজন করে সেখানে মাদক বহন করে আসছিলেন।

কৃত্রিম হাত, তার ভেতর ইয়াবা

গ্রেপ্তার রানা হাওলাদার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2022, 05:05 PM

Updated : 26 Oct 2022, 05:16 PM

কৃত্রিম হাত লাগিয়ে ইয়াবার কারবার এবং মিয়ানমার থেকে কক্সবাজার হয়ে ঢাকায় মাদক সরবরাহের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর পশ্চিম রামপুরা ও উত্তরা ১০ নম্বর সেক্টরে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এরা হলেন- রানা হাওলাদার (২৬) ও এরশাদুল হক (৩২)। রানা পুলিশের হাতে এবং এরশাদুল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার হয়েছেন।

স্ত্রীর সঙ্গে বেরিয়েও মাদক বিক্রি

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার আজিমুল হক বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, বেশ কয়েকবছর আগে বিদ্যুৎপৃষ্ট হলে রানার বাঁ হাতের কনুই পর্যন্ত কেটে ফেলতে হয়। এরপর একটি কৃত্রিম হাত সংযোজন করে সেখানে তিনি মাদক বহন করে আসছিলেন।

মঙ্গলবার পশ্চিম রামপুরার ওমর আলী লেইনে তাকে হাতেনাতে ধরার সময়ও ১৫৫টি ইয়াবা পাওয়া যায়।

উপ-কমিশনার আজিমুল বলেন, “রানা মূলত অটোরিকশা চালক। এই পেশার আড়ালে ইয়াবার ব্যবসা করে। প্রতিবন্ধী হওয়ায় এবং কৃত্রিম হাত সংযোজন করায় তাকে কেউ কখনও সন্দেহের চোখে দেখেনি, সহানুভূতি পেয়ে আসছিলেন।”

রানা মিরপুর এলাকায় থাকেন জানিয়ে সংবাদ সম্মেলনে এই পুলিশ কর্মকর্তা বলেন, “নতুন বউকে নিয়ে মঙ্গলবার ঘুরতে বেড়িয়েছিলেন। সেসময়ও কৃত্রিম হাতের ভেতরে ইয়াবা বহন করছিলেন।

Image

গ্রেপ্তার এরশাদুল হক।

“মিরপুর থেকে বাসে করে রামপুরা এলকায় স্ত্রীকে নিয়ে নামেন রানা। তার স্ত্রীকে এক জায়গায় বসিয়ে রেখে নির্ধারিত ব্যক্তির কাছে ইয়াবা দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন।”

এই পেশার সাথে ৭/৮ বছর ধরে জড়িত থাকলেও চার বছর আগে রানা বিদ্যুৎপৃষ্ট হয়ে হাত হারান। তার বিরুদ্ধে শরিয়তপুরে মাদক আইনে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ক্রিকেটার থেকে মাদক কারবারি

এদিকে উত্তরা ১০নম্বর সেক্টর এলাকা থেকে গ্রেপ্তার এরশাদুলের বিষয়ে বুধবার সংবাদ সম্মেলন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিবিএ পাশ করা এরশাদুল কক্সবাজার জেলা ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক বলে অধিদপ্তরের কর্মকর্তাদের ভাষ্য।

সেখানে বলা হয়, এরশাদুল ‘বড় মাপের’ মাদক ব্যবসায়ী এবং অধিদপ্তরের তালিকাতেও নাম আছে। গ্রেপ্তারের সময় তার কাছে ৩৩ হাজার ইয়াবা পাওয়া গেছে।

অধিদপ্তরের উপ পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, “প্রায় একমাস আগে এরশাদুলের ব্যাপারে তথ্য পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তারের অভিযানে নেমে ক্রেতা সেজে মাঠ পর্যায়ে কাজ করতে হয়।

“আমরা ক্রেতা সেজে দুই হাজার ইয়াবাসহ রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে এক দম্পত্তিকে গ্রেপ্তার করি। ওই দম্পত্তির দেওয়া তথ্যে জানা যায়, এরশাদুল ইয়াবার একটি বড় চালান নিয়ে মঙ্গলবার রাতে ঢাকায় থাকবে। তাদের তথ্য এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।”

মাদকের চালানগুলো এরশাদ কখনোই নিজে বহন করতেন না জানিয়ে এই কর্মকর্তা বলেন, “কাউকে দিয়ে তিনি বাসে বা অন্য কোনো উপায়ে ঢাকায় আনেন। আর তিনি কখনও বিমান বা আলাদা বাসে ঢাকায় আসেন। এরপরই নির্ধারিত সময়ে ইয়াবার চালানটি বুঝে নিতেন তিনি।”

সংবাদ সম্মেলনে বলা হয়, এরশাদুল সবসময় মিয়ানমার থেকে সরাসরি ডিলারের সঙ্গে যোগাযোগ করে ইয়াবার চালান দেশে আনতেন। আর দেশে আনার এই কাজটি করতেন রোহিঙ্গারা।

“রোহিঙ্গাদের নিয়ে তার নিজস্ব একটি গ্রুপ রয়েছে, যার শুধু মিয়ামনমার থেকে মাদকে চালান তার লোকের কাছে পৌঁছে দিবে।”

উখিয়ায় এরশাদুলের মাছের খামার রয়েছে জানিয়ে উপ-পরিচালক রাশেদুজ্জামান বলেন, “এসব মাছ ঢাকায় পাঠানোর সময় নির্ধারিত ট্রাকে করে তিনি ইয়াবার একাধিক চালান ঢাকায় পাঠিয়েছেন। কখনও সুযোগমত বাসে বা অন্য ট্রাকে করেও পাঠাতেন এরশাদুল।”