২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

অটোর চাকায় ওড়না, গলায় ফাঁস লেগে গার্মেন্টকর্মীর মৃত্যু

শনিবার সকালে কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে অটোরিকশায় উঠে দুর্ঘটনায় পড়েন নার্গিস।

অটোর চাকায় ওড়না, গলায় ফাঁস লেগে গার্মেন্টকর্মীর মৃত্যু

ফাইল ছবি

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2023, 01:23 PM

Updated : 03 Jun 2023, 04:11 PM

সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অটোরিকশার চাকায় ওড়না জড়িয়ে গলায় ফাঁস লেগে এক গার্মেন্টকর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮টায় নার্গিস আক্তার (৩০) নামের ওই নারী কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন।

হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

নার্গিসের ভাই মামুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, তার বোন সকালে চিটাগাং রোডের বাসা থেকে অটোরিকশায় করে ইপিজেডের কর্মস্থলে যাচ্ছিলেন।

“পথে ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে গেলে তার গলায় ফাঁস লাগে। চালক বিষয়টি বুঝতে পেরে গাড়ি থামিয়ে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।”

খবর পেয়ে স্বজনরা সেখানে ছুটে যান উল্লেখ করে মামুন বলেন, “ওই হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।”

সেখানে চিকিৎসক নার্গিসকে মৃত ঘোষণা করেন বলে জানান মামুন।

তিনি জানান, আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন তার বোন। তাদের গ্রামের বাড়ী চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে।