‘কোভিড, কনফ্লিক্ট, ক্লাইমেট’ মোকাবেলায় ভাবতে হবে: আতিক
আতিকুল ইসলাম বলছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আন্তঃবিভাগীয় গবেষণার কোনো বিকল্প নেই।
বিশ্বজুড়ে মানুষকে সংঘাত, কোভিড মহামারীর প্রভাব ও জলবায়ু পরিবর্তনের কারণ ভুগতে হচ্ছে; এই তিন বিপদ কীভাবে মোকাবেলা করা যায় তা ভাবতে বললেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেছেন, “সারাবিশ্ব এখন তিন ‘সি’র মুখোমুখি; কোভিড, কনফ্লিক্ট এবং ক্লাইমেট। বিশ্বে প্রতিদিন তছনছ চালাচ্ছে জলবায়ু পরিবর্তন। এর সবচেয়ে বেশি বিরূপ প্রভাবের শিকার বাংলাদেশ।
“আমার মনে হয় এখন আমাদের ভাবতে হবে যে আমরা কীভাবে এই তিন সি’কে মোকাবেলা করব।”
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটোরিয়ামে সাসটেইনেবল এনার্জি উইকের উদ্বোধনী আয়োজনে তিনি এ মন্তব্য করেন।
আতিকুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আন্তঃবিভাগীয় গবেষণার কোনো বিকল্প নেই। ঢাকা উত্তর সিটি এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জির সঙ্গে কাজ করতে চায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা দিপল চন্দ্র বড়ুয়া, বাংলাদেশ ক্লাইমেট পার্লামেন্টের সভাপতি ও সংসদ সদস্য তানভীর শাকিল জয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগ্রেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম।
আয়োজনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জির পরিচালক এস এম নাফিস শামস জানান, সপ্তাহজুড়ে একাধিক বিষয়ে সেমিনার ও আলোচনা সভা হবে। এসব আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকরা অংশ নেবেন।
