২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

গলায় লিচু আটকে শিশুর মৃত্যু

লিচু খাওয়ার একপর্যায়ে গলায় আটকে যায় শিশুটির।

গলায় লিচু আটকে শিশুর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2023, 05:50 PM

Updated : 06 Jun 2023, 05:50 PM

ঢাকার হাজারীবাগ এলাকায় লিচু খেতে গিয়ে গলায় আটকে বাকপ্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে।

হাজারীবাগের গজমহল পুরাতন থানার পাশের একটি বাসায় মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।

অনিক নামে ১০ বছর বয়সী ওই শিশু তার মা পারভীন আক্তারের সঙ্গে গজমহল রোডের একটি বাসায় থাকত।

স্বজনদের বরাতে পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া বলেন, শিশুটির নানা আব্দুর রউফ লিচু এনেছিলেন। সেগুলো খাওয়ার সময় গলায় আটকে গেলে শিশুটি ছটফট করতে থাকে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারভীনের প্রতিবেশী রাকিব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র ছেলেকে নিয়েই ছিলেন পারভীন। সকালে শিশুটির নানা বাসায় কিছু লিচু নিয়ে এলে সেগুলো ছেলেকে খেতে দেন পারভীন। এক পর্যায়ে লিচু গলায় আটকে গেলে শিশুটি আকার ইঙ্গিত বোঝানোর চেষ্টা করে। পরিবারের লোকজন সেটি বের করার অনেক চেষ্টা করে। তাতে কাজ না হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।”

পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। তবে পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে চেয়েছেন।