অর্থ আত্মসাতের অভিযোগে আহমেদিয়া ফাইন্যান্সের দুজন গ্রেপ্তার
গ্রেপ্তারদের একজন সাইফুলের দাবি, ১ হাজার ১০০ গ্রাহকের প্রায় ৯৮ কোটি টাকা ফেরত দিতে পারছেন না তারা; ভুক্তভোগীদের দাবি টাকার পনিমাণ আরও বেশি
রাজধানীর কাফরুলের আহমেদিয়া ফাইন্যান্স এন্ড কমার্স এমসিএস লিমিটেডের গ্রাহকদের টাকা আত্মসাৎ করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন, মো. মনির আহম্মেদ ও মো. সাইফুল ইসলাম। মনির আহম্মেদ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, আর সাইফুল মহাব্যবস্থাপক বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাতে গুলশান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়ে বলে জানান ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. রাজীব আল মাসুদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাফরুল থানা এলাকায় আহমেদিয়া ফাইন্যান্স এন্ড কমার্স এমসিএস লিমিটেড নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলে প্রতারক চক্রটি। তারা গ্রাহকদের প্রতি লাখে দেড় হাজার টাকা মুনাফা দেওয়ার প্রলোভন দেখায় এবং গ্রাহকরা এই প্রলোভনে পরে টাকা জমা দেয়া এবং কয়েক মাস এই হারে লাভও দেওয়া হয়।
“এভাবে ১ হাজার ১০০ গ্রাহকের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় এবং পরবর্তীতে তারা প্রতিষ্ঠানটি বন্ধ করে উধাও হয়ে যায়।”
তিনি জানান, গ্রাহকদের জমা টাকা তারা ‘আহমেদিয়া অ্যাপার্টমেন্ট এন্ড বিল্ডার্স এবং ইউরোস্টার হোম অ্যাপ্ল্যায়েন্স কোম্পানিতে’ সরিয়ে নেয়।
একজন ভুক্তভোগী তাদের বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা করেছেন বলেও জানান উপকমিশনার মো. রাজীব আল মাসুদ।
গত ৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর ১৪ নম্বরের ইব্রাহিমপুরে ওই প্রতিষ্ঠানের কার্যালয় অবরোধ করে বিক্ষোভ করেছিল কয়েকশ গ্রাহক। তারা তখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, আহমেদিয়া ফাইন্যান্সের গ্রাহকদের টাকা থেকেই গ্রেপ্তার ব্যক্তিরা অন্য প্রতিষ্ঠান খোলে।
গত ৬ সেপ্টেম্বর বৃদ্ধ মোহাম্মদ আলী এসেছিলেন তার মেয়ের জমা রাখা টাকার খোঁজ নিতে। কথা বলতে গিয়ে কেঁদে ফেলে এই বৃদ্ধ বলেছিলেন, “মাইয়ার বিয়ার লাইগা ট্যাকাডা রাখছিলাম। এহন কয় দিতে পারবো না। মাইয়ার বিয়াডা পিছাইলাম।”
মোহাম্মদ আলী বলেন, তার মেয়ে সীমা আক্তার পোশাক কারখানায় কাজ করেন, তিনি কিছু টাকা জমিয়েছিলেন। বাবা-মেয়ের টাকা মিলিয়ে ৫ লাখ টাকা দুই বছর আগে আমানত রাখেন তারা। এরপর থেকে একটি টাকাও লভ্যাংশ দেয়নি আহমেদিয়া ফাইন্যান্স। এখন আসল ফেরত পাবেন কীনা সেটা নিয়েই সংশয়।
নৌবাহিনীর সাবেক সদস্য গিয়াসউদ্দীনেরও ২ লাখ টাকা আটকে আছে। তিনি বলছিলেন, “কী করব, কাকে ধরব কিছুই বুঝতে পারছি না। টাকাটা তো দিচ্ছে না, বলে ওদের টাকা নাই। প্রোপার্টি বেচে তারপর টাকা দেবে। কিন্তু এখন ওদের বিশ্বাস করতেও ভরসা হচ্ছে না।”
গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে সাইফুল ৬ সেপ্টেম্বর দাবি করেছিলেন, প্রায় ১১০০ গ্রাহকের ৯৮ কোটি টাকা তারা ফেরত দিতে পারছেন না। তবে এই কথা বলার সময় গ্রাহকেরা হইচই করে উঠেছিলেন, এবং বলেছিলেন টাকার অঙ্কটা আরও অনেক বেশি।
সমবায় অধিদপ্তর থেকে নেওয়া নিবন্ধনের বিপরীতেই তাদের প্রতিষ্ঠানের সবরকম কাজ হয়ে আসছে বলেও দাবি করেছিল সাইফুল।
