লাল গালিচা সংবর্ধনা নিয়ে ব্রুনেইয়ের সুলতান বলকিয়াহ ঢাকায়
তার তিন দিনের সফরে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা।
লালগালিচা সংবর্ধনা নিয়ে ঢাকায় পৌঁছেছেন ব্রুনেই দারুসসালামের সুলতান হাসানাল বলকিয়াহ।
শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিশেষ বিমান।
বিমানবন্দরে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ব্রুনেইয়ের সুলতানকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিমান থেকে নামার সময়ে ২১বার তোপধ্বনি দেওয়া হয় সুলতানের সম্মানে, যিনি ব্রুনেইয়ের সরকার প্রধানের দায়িত্বেও রয়েছেন।
এরপর সুলতান হাসানাল বলকিয়াহকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাষ্ট্রপ্রধানআবদুল হামিদ।
পরে দুই রাষ্ট্রপ্রধান অভ্যর্থনা মঞ্চে ওঠেন। সুলতানকে গার্ড অব অনার দেয় তিন বাহিনী একটি চৌকস দল। এসময় ব্রুনেই ও বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়।
এরপর গার্ড পরিদর্শন করেন ব্রুনেইয়ের সুলতান বলকিয়াহ। তরুণ বয়সে ব্রিটেনের রয়েল মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি।
গার্ড অব অনার শেষে বিমানবন্দরে উপস্থিত দুদেশের প্রতিনিধিদলের সঙ্গে পরিচয় করিয়ে দেন উভয় রাষ্ট্রপ্রধান।
বিমানবন্দরে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রবাসকল্যাণমন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন তিন দিনের সফরে ঢাকায় আসা সুলতান বলকিয়াহ।
তার তিন দিনের সফরে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনার পাশাপাশি তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনার কথা এর আগে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
