শপথ নিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডরথী রহমান
ডরথী রহমান জাতীয় মহিলা সংস্থার বগুড়া শাখার চেয়ারম্যান; এক সময় বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন
শপথ নিলেন জাতীয় সংসদের সংরক্ষিত (মহিলা আসন-১৯) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোছা. ডরথী রহমান।
বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। অনুষ্ঠানে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে ডরথী রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
আওয়ামী লীগের শেখ এ্যানী রহমানের মৃত্যুতে শূন্য হওয়া এ উপনির্বাচনের একক প্রার্থী সংসদ সদস্য ডরথী রহমান রোববার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ডরথী রহমান জাতীয় মহিলা সংস্থার বগুড়া শাখার চেয়ারম্যান। এক সময় বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তার বাবা ডাক্তার গোলাম সারওয়ার মুক্তিযুদ্ধের একজন সংগঠক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ছিলেন। মা কোহিনুর রহমান ছিলেন বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সহসভানেত্রী।
সংরক্ষিত নারী আসন-১৯ এর সংসদ সদস্য শেখ এ্যানী রহমান গত ১১ অক্টোবর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি।
