২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালের বিচারক হবেন জেলা জজ

২০০৪ সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন সংশোধন করে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠনের বিধান করা হলেও তা বাস্তবায়িত হয়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2023, 12:03 AM

Updated : 07 Jul 2023, 12:41 AM

ভূমি নিয়ে মামলার জট ভাঙাতে জেলা জজদের ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দিতে পারবে সরকার।

এমন বিধান রেখে ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন সংশোধন করা হলো।

বৃহস্পতিবার জাতীয় সংসদে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি (সংশোধন) বিল ২০২৩ পাসের জন্য সংসদে তোলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

আগে আইনে ছিল, ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালের বিচারক হবেন সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারক অথবা সাবেক বিচারক। কিন্তু দীর্ঘদিনেও এই আপিল ট্রাইব্যুনাল গঠিত না হওয়ায় ভূমি বিরোধ নিষ্পত্তিতে ভুগতে হচ্ছে মানুষকে।

আর ভূমি জরিপ ট্রাইব্যুনালের ক্ষেত্রে এতদিন আইনে বলা ছিল, সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে যুগ্ম জেলা জজকে বিচারক হিসেবে নিয়োগ দেবে সরকার। এখন এই বিধানের সঙ্গে নতুন উপধারা যুক্ত করা হয়েছে।

তাতে বলা হয়েছে, এভাবে বিচারক নিয়োগ না হওয়া পর্যন্ত যুগ্ম জেলা জজদের ভূমি জরিপ ট্রাইব্যুনালের বিচারকাজের ক্ষমতা দিতে পারবে সরকার। তার মানে সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা ছাড়াই এখন ভূমি জরিপ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দিতে পারবে সরকার।

এ ছাড়া ভূমি জরিপ ট্রাইব্যুনাল থেকে স্থানান্তর করা মামলা নিষ্পত্তির জন্য এক বা একাধিক সিনিয়র সহকারী জজ বা সহকারী জজকে ট্রাইব্যুনালের বিচারক হিসেবেও সরকার নিয়োগ দিতে পারবে বলে নতুন বিধান যোগ করা হয়েছে।

পুরনো খবর:

রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন সংশোধনে বিল সংসদে

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়, ২০০৪ সালে আইন সংশোধন করে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ও ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠনের বিধান করা হয়।

ওই বিধানে সুপ্রিম কোর্টের পরামর্শে জেলার যুগ্ম জেলা জজদের মধ্য থেকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের বিধান করা হয়। কিন্তু পরবর্তী সময়ে মামলার সংখ্যার তুলনায় ট্রাইব্যুনাল কম হওয়ায় মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা দেখা দেয়।

২০০৪ সালের করা বিধানে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারক অথবা সাবেক বিচারকদের মধ্য থেকে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের বিধান করা হয়। কিন্তু হাই কোর্ট বিভাগের বিচারক নিয়োগে সমস্যার কারণে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠিত না হওয়ায় জনগণের বিচারপ্রাপ্তি বিঘ্নিত হয়।

মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা দূর করতে এবং যথাসময়ে জনগণের বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের মতামত নিয়ে আইনটি সংশোধনের কথা জানানো হয়েছে।

রংপুরে পল্লী উন্নয়ন একাডেমি করতে সংসদে বিল পাস

রংপুরে পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করতে একটি নতুন বিল জতীয় সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার ‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একডেমি, রংপুর বিল–২০২৩’ জাতীয় সংসদে পাস হয়।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিস্পত্তি হয়।

বিলে বলা হয়েছে, এই একাডেমির প্রধান কার্যালয় হবে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায়। একাডেমির পরিচালনা ও প্রশাসনের দায়িত্ব একটি বোর্ডের ওপর ন্যস্ত থাকবে। এই বোর্ডের চেয়ারম্যান হবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী/প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী।

এই একাডেমি পল্লী উন্নয়ন সংক্রান্ত বিষয়ে ডিপ্লোমা, পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স প্রবর্তণ করতে পারবে। একাডেমির একজন মহাপরিচালক থাকবেন। তিনি সরকারের অনূন্য যুগ্মসচিবদের মধ্য থেকে নিযুক্ত হবেন বা সরকার নির্ধারিত মেয়াদ ও শর্তে যে কোনো ব্যক্তিকে নিযুক্ত করতে পারবেন।

এসব কোর্স প্রবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যায়লয় বা শিক্ষা বোর্ডের অধিভুক্তসহ ওই বিশ্ববিদ্যালয় বা শিক্ষা বোর্ডের নির্ধারিত মান অনুসরণ করতে হবে।