এখনো কোনো হুমকি নেই, শহীদ দিবস ঘিরে প্রস্তুত র্যাব: ডিজি
“কেন্দ্রীয় শহীদ মিনারে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের হুমকি নেই। তবে আমরা সার্বক্ষণিক যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছি”, বলেন খুরশীদ হোসেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে সব ধরনের হুমকির বিষয় মাথায় রেখেই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
শহীদ মিনার প্রাঙ্গণ পরিদর্শন করে মঙ্গলবার সকালে ব্রিফিংয়ে তিনি বলেন, “কেন্দ্রীয় শহীদ মিনারে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের হুমকি নেই। তবে আমরা সার্বক্ষণিক যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছি।
“আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ (মঙ্গলবার) থেকে সব ধরনের বিশৃঙ্খলা ও যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে ঢাকাসহ সারা দেশে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।”
শহীদ দিবস ঘিরে ১৮ ফেব্রুয়ারি থেকে র্যাব সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। কেন্দ্রীয় শহীদ মিনারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি র্যাবের বম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
যে কোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাবের স্পেশাল ফোর্স প্রস্তুত রাখার কথা জানিয়ে খুরশীদ হোসেন বলেন, “র্যাবের হেলিকপ্টার সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। বিভিন্ন এলাকার রাস্তায় চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করা হবে।
“নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে এবং যৌন হয়রানি প্রতিরোধে সতর্ক ব্যবস্থা রাখা হয়েছে। ভার্চুয়াল জগতে উসকানিমূলক ও মিথ্যা তথ্য ছড়ানো রোধে র্যাবের সাইবার ইউনিট অনলাইনে নজরদারি অব্যাহত রাখবে। র্যাব সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে সারা দেশের ব্যাটালিয়নগুলোতে মনিটরিং করা হবে।”
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সাতটি সিসি ক্যামেরা বসানোর কথা জানিয়ে তিনি বলেন, “৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে এগুলো কাজ করবে। নিরাপত্তার বিষয়ে সব ধরনের প্রস্তুতি রয়েছে র্যাবের।”
