উৎসবের রঙে বৈশাখের ফেরা
পঞ্জিকায় ১৪২৯ থেকে ১৪৩০ সাল আসা সাধারণ একটি ঘটনা হলেও বাঙালির জীবনে এই সাধারণ ঘটনা আসে ভিন্ন মাত্রা নিয়ে।
বাঙালির মুখচ্ছবি প্রস্ফুটিত যে উৎসবে, সেই পহেলা বৈশাখ দুয়ারে দাঁড়িয়ে, ১৪৩০ বঙ্গাব্দ বরণে প্রস্তুত গোটা দেশ।
শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দেশ মেতে উঠবে উৎসবে; রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজন দেবে সুদিনের পথে এগিয়ে চলার মন্ত্র; চারুকলার মঙ্গল শোভাযাত্রা জানাবে শান্তির আবাহন।
সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর আয়োজনে তপ্ত এই বৈশাখ বর্ণিল হবে উৎসব।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানিয়েছেন। দুজনের শুভেচ্ছা বাণীতেই প্রত্যাশা সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগোনোর।
করোনাভাইরাস মহামারীর খাঁড়া কাটিয়ে এবার বিধি-নিষেধের বেড়াজাল ছাড়াই নতুন বছর বরণ করবে বাঙালি।
পঞ্জিকার পাতা উল্টে ১৪২৯ থেকে ১৪৩০ সাল আসা সাধারণ একটি ঘটনা হলেও বাঙালির জীবনে এই সাধারণ ঘটনার শুরুই হয় ভিন্ন মাত্রা নিয়ে।
কৃষি উৎসব বা রাজস্ব আদায়ের বিষয় হিসেবে বৈশাখকে সামনে এনে বাংলা সাল প্রবর্তনের পর বাঙলার অর্থনৈতিক ও সামাজিক জীবন প্রভাবিত করলেও তা রাজনৈতিক হয়ে ওঠে পাকিস্তান শাসনামলে।
পাকিস্তানের সেনাশাসক আইয়ুব খানের আমলে যখন বাঙালির বাঙালিয়ানা নিশ্চিহ্ন করার লক্ষ্যে রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করা হয়, তখন এই বর্ষবরণ উৎসব হয়ে উঠেছিল বাঙালির আত্মপরিচয় টিকিয়ে রাখার রাজনৈতিক হাতিয়ার। এই চেতনাই পরে বাংলাদেশকে জাতিরাষ্ট্র হিসেবে স্বাধীনতার বন্দরে পৌঁছে দেয়।
অসাম্প্রদায়িক চেতনায় গড়ে ওঠা বাংলাদেশকে পরেও নানা সংকটে দিশা দেখিয়েছে পহেলা বৈশাখের উৎসব; সেই কারণেই এই দেশকে উল্টো পথে নেওয়ার চেষ্টায় বার বার আঘাত এসেছে এই উৎসবে।
তার ধারাবাহিকতায় এবারও চারুকলার মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে চিরকুট এসেছে, যদিও তা আমলে নেওয়ার মতো নয় বলে আশ্বস্ত করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
সাংস্কৃতিক আন্দোলনের সংগঠন রামেন্দু মজুমদার মনে করেন, সাম্প্রদায়িকতা নির্মূলের লড়াইয়ে এই বৈশাখী উৎসবকে ভিত্তি ধরেই এগিয়ে যেতে হবে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পহেলা বৈশাখ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অসাম্প্রদায়িক হওয়ার বার্তা দিয়ে যায়, সকল মানুষকে এক সুতোয় বেঁধে পৃথিবীতে সাম্যের জয়গান শোনায়।
“বিশ্বজুড়ে যুদ্ধ, চারদিকে অসাম্য-সাম্প্রদায়িকতা যেভাবে মাথাচাড়া দিয়েছে, তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।”
কৃষ্ণ সাগর পাড়ের যে যুদ্ধ গোটা বিশ্বকে টলমল করে দিয়েছে, সেই প্রেক্ষাপটে বৈশাখের উৎসবের মধ্য দিয়ে শান্তির আহ্বানও জানান রামেন্দু মজুমদার।
তিনি বলেন, “এবারের বাংলা নববর্ষে এটাই চাইব, বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধ হোক, শান্তির সুবাস ছড়াক। বাংলাদেশে সাম্প্রদায়িকতা চিরতরে নির্মূল হোক। মানবিক শুভবোধের জয় হোক।”
পাকিস্তান আমলে ছায়ানট সংস্কৃতি কেন্দ্র রমনার বটমূলে প্রতিবাদী উচ্চারণে বৈশাখ বরণের যে আয়োজন করেছিল, তা কালে হয়ে উঠেছে নগরে এই উৎসবের প্রধান অনুষঙ্গ। তার সঙ্গে পরে যুক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার মঙ্গল শোভাযাত্রা।
‘ধর নির্ভয় গান’
চৈত্রসংক্রান্তির পর শুক্রবার বৈশাখের প্রথম প্রভাতে বরাবরের মতোই রমনা বটমূল সরব হবে ছায়ানটের গানে, সূচনা হবে নগরে বর্ষবরণের উৎসব।
নববর্ষের প্রথম প্রভাতে, সত্য-সুন্দরকে পাওয়ার অভিলাষী ছায়ানটের আহ্বান, ‘দূর করো অতীতের সকল আবর্জনা, ধর নির্ভয় গান’।
ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা বলেন, কোভিড মহামারীকে দমানো গেলেও বাঙালি এখন নতুন সংকটের মুখোমুখি।
“শুধু এই ভূখণ্ডই নয়, বিশ্বব্যাপী ক্ষয়ে চলেছে মানবতা, দেশে ক্রমান্বয় অবক্ষয় মূল্যবোধের। আমরা আশাহত হই না, দিশা হারাই না, স্বপ্ন দেখি হাতে হাত রেখে সকলে একসাথে মিলবার, চলবার।”
“সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফেরাবে; পরম বিশ্বাসে বলবে- সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে নারে। শুভ কর্মপথে আঁধার কাটিয়ে আলোর সন্ধানে সুদিনের পথে চলব আমরা, বাঙালিকে বলব- হাল ছেড় না,” বলেন তিনি।
কোভিড মহামারীর কারণে দুই বছর রমনার বটমূল ছিল সুনসান, গত বছর রমনায় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান হলেও মহামারী কাটিয়ে পুরোদমে আয়োজন এবারই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বৈশাখের আয়োজন নিয়ে লাইসা জানান, বর্ষবরণ অনুষ্ঠানের মাস দুয়েক আগে থেকেই গান তোলা আর গলা মেলানোর কাজে শতাধিক ক্ষুদে ও বড় শিল্পী যুক্ত হয়। ইতোমধ্যে মঞ্চ তৈরি হয়ে গেছে, যেখানে শ'দেড়েক শিল্পী-কর্মী থাকবেন। গোটা অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন স্নিগ্ধ আলোয় স্নাত প্রকৃতির গান, মানবপ্রেম-দেশপ্রেম আর আত্মবোধন- জাগরণের সুরবাণী দিয়ে।
ছায়ানটের বর্ষবরণ আয়োজনের মহড়ার সমন্বয়ক বশির আল হেলাল জানান, বর্ষবরণে সম্মিলিত গান থাকবে ১০টি, একক গান ১১টি, আবৃত্তি থাকবে দুটি এবং সবশেষে জাতীয় সংগীতে অনুষ্ঠানের সমাপ্তি হবে।
রমনা উদ্যানের প্রায় দুঘণ্টাব্যাপী এ আয়োজন সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। দেখা যাবে ছায়ানটের ইউটিউব চ্যানেলেও।
নিরাপদ বিশ্বের আকাঙ্ক্ষা শোভাযাত্রায়
মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে মহাকর্মযজ্ঞ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে। বর্ণিল আয়োজনে ১৪৩০ বঙ্গাব্দকে বরণ করে নিতে শোভাযাত্রার নানা অনুষঙ্গ তৈরি করছেন শিক্ষার্থীরা।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের পরিকল্পনা ও তত্ত্বাবধানে ২৪ ব্যাচের শিক্ষার্থীরা এবার শোভাযাত্রার দায়িত্ব পেয়েছেন। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন চারুকলার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
এবার শোভাযাত্রার প্রতিপাদ্য ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’। তার কারণ ব্যাখ্যা করে অধ্যাপক নিসার বলেন, “বর্তমানে মানুষের মাঝে হানাহানি, অস্থিতিশীলতা বিরাজ করছে। তার চরম মাত্রায় পৌঁছে এই রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ। এর ফলে বৈশ্বিক অর্থনীতিতেও চরম ধ্বস নেমেছে। তাই আমাদের এবারের কামনা পৃথিবীতে শান্তি নেমে আসুক।।”
মঙ্গল শোভাযাত্রা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক অচিন্ত্য সাহা রায় বলেন, “আমরা চাই পৃথিবীতে যুদ্ধ নয়, বৃষ্টির মতো করে শান্তি বর্ষিত হোক।”
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গল শোভাযাত্রার জন্য এবার মায়ের কোলে সন্তান, টেপা পুতুল, বাঘ, ময়ূর, ভেড়া ও নীল গাই- এই ছয়টি মোটিফ তৈরি করা হচ্ছে।
শোভাযাত্রা উদযাপন কমিটির যুগ্ম-আহ্বায়ক অচিন্ত্য সাহা রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চাই পৃথিবীতে যুদ্ধ নয়, বৃষ্টির মতো করে শান্তি বর্ষিত হোক।
“শোভাযাত্রায় মায়ের কোলে সন্তান থাকবে। এর মাধ্যমে আমরা তুলে ধরতে চাই মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, তেমনি এই পৃথিবী প্রতিটি মানুষের জন্য নিরাপদ আশ্রয় হয়ে উঠুক।”
বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী নীল গাই এবারের শোভাযাত্রার নতুন সংযোজন। এর মাধ্যমে প্রকৃতিকে ফিরে পাওয়ার আহ্বান থাকবে শোভাযাত্রায়।
আয়োজন নিয়ে ২৪ ব্যাচের শিক্ষার্থী শিমুল কুম্ভকার বলেন, “বন্য এই প্রাণীর সাথে আমাদের সম্পর্ক যাতে আরও নিবিড় হয়, সেজন্যই এই মোটিফ তৈরি করা হয়েছে। মানুষ যাতে বন্য প্রাণীর প্রতি বন্ধুভাবাপন্ন হয়।”
সার্বিক প্রস্তুতির বিষয়ে মঙ্গল শোভাযাত্রা-১৪৩০ এর আহ্বায়ক ওম প্রকাশ বলেন, “আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আজকে রাতের ভেতরে সব কাজ সম্পন্ন হবে। গত এক মাস আমরা কাজ করেছি। শেষ মুহূর্তে আমরা বড় শিল্পকাঠামোগুলোতে রঙিন কাগজের প্রলেপ দিচ্ছি।
“কাজের পাশাপাশি সরা, মুখোশ ও পেইন্টিং বিক্রিও হচ্ছে। আপনারা জানেন মঙ্গল শোভাযাত্রা আমরা নিজস্ব অর্থায়নে করে থাকি। অর্থাৎ আমাদের তৈরি সরা, মুখোশ ও পেইন্টিং বিক্রি করে শোভাযাত্রার খরচ বহন করা হয়। এগুলো সুলভমূল্যে বিক্রি হচ্ছে, যাতে লোকজন সেগুলো নিয়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করতে পারেন।”
গত শতকের আশির দশকে সামরিক শাসনের অর্গল ভাঙার আহ্বানে পহেলা বৈশাখে চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হয়েছিল; সেটিই পরে মঙ্গল শোভাযাত্রার নাম নেয়। ২০১৬ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতিও পায় এ কর্মসূচি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত বিধিনিষেধ
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার মঙ্গল শোভাযাত্রা ও বাংলা নববর্ষ উদযাপনের ক্ষেত্রে কী কী করা যাবে না তা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ; সেদিন মুখোশ যেমন পরা যাবে না, তেমন নেওয়া যাবে না ব্যাগ।
তবে চারুকলা অনুষদের বানানো মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা বিধি-নিষেধের বাইরে থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে ভুভুজেলা বাঁশি বাজানো ও বিক্রি থেকে বিরত থাকতেও সবার প্রতি অনুরোধ করা হয়েছে।
ক্যাম্পাসে সেদিন সব ধরনের অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে। ক্যাম্পাসে বিকাল ৫টার পর কোনোভাবেই ঢোকা যাবে না; শুধু বের হওয়া যাবে।
বুধবার সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি ডুকতে দেওয়া হবে না।
নববর্ষের দিন ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন চালানো যাবে না এবং মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষেধ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসরত কোনো ব্যক্তি নিজস্ব গাড়ি নিয়ে যাতায়াতের জন্য শুধু নীলক্ষেত মোড় সংলগ্ন গেইট ও পলাশী মোড় সংলগ্ন গেইট ব্যবহার করতে পারবেন। নববর্ষের দিন ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে রাজু ভাস্কর্যের পেছনে সোহরাওয়ার্দী উদ্যানের গেইট বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসা ব্যক্তিরা সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার জন্য অন্য গেইট ব্যবহার করবেন। সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেইট, রমনা কালী মন্দির সংলগ্ন গেইট ও বাংলা একাডেমির সামনের গেইট ব্যবহার করা যাবে।
নিরাপত্তা
পহেলা বৈশাখে জঙ্গি হামলার ‘সরাসরি কোনো হুমকি নেই’ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। বর্ষবরণ উৎসবের আগের দিন বৃহস্পতিবার ঢাকার রমনা বটমূলের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি বলেন, “পুলিশের ২৭ শ সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। যারা নববর্ষ উদযাপন করতে চান, তারা নিশ্চিতে উদযাপন করতে পারবেন। বিকাল ৪টার পর আর রমনায় কেউ ঢুকতে পারবেন না। ওই সময়ের মধ্যে সব আনুষ্ঠানিকতা শেষ করতে হবে।”
গত ১১ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে একটি সাদা কাগজ ও ৫০ টাকার নোট পাওয়া যায় একটি চেয়ারের উপর। ওই কাগজে লেখা ছিল ‘মঙ্গল শোভাযাত্রা কাজটা শিরকের, এখানে এসে ক্ষতি করো না তোমাদের, হামলা হতে পারে এনিটাইম ঐ দিনের, দাজ্জালী বাহিনী পাবে না টের মোদের।’
এ ঘটনায় পরে শাহবাগ থানায় একটি জিডি করে মঙ্গল শোভাযাত্রার আয়োজক কমিটি। তবে পুলিশ কমিশনার ফারুক বলেন, “যে থ্রেট, চিরকুট দিয়েছে, তা দেওয়া হয়েছে দাজ্জাল বাহিনীর নামে। দাজ্জাল বাহিনী নামে বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠন নেই, কোনো বাহিনীও নাই।”
কোনো ‘দুষ্টু পোলাপান অতি উৎসাহী হয়ে’ ওই চিরকুট লিখছে বলে মনে করছেন পুলিশ কমিশনার।
অন্যদিকে র্যাব প্রধান এম খুরশীদ হোসেনও মনে করছেন না সেই চিরকুট জঙ্গিদের কাজ। বর্ষবরণ উৎসবের আগের দিন ঢাকার রমনা বটমূলের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, “চিরকুটটি আমি দেখেছি ও পড়েছি। মানুষের মনে আতঙ্ক তৈরি করার জন্য তৃতীয় কোনো পক্ষ এই কাজ করেছে। এটা আসলে কোনো জঙ্গি হুমকির ঘটনা না। তারপরও আমরা সতর্ক রয়েছি। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।”
টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা বটমূলসহ যেসব এলাকায় বর্ষবরণের অনুষ্ঠান হবে, সেসব এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে টহল, চেকপোস্ট ও অবজারভেশন পোস্টসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেবে র্যাব।
নাশকতার যে কোনো ঘটনা মোকাবেলায় র্যাবের টহল দল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে বলে জানান খুরশীদ।
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
রাষ্ট্রপতি আবদুল হামিদ নববর্ষের শুভেচ্ছা বাণীতে বৈশাখী উৎসবের গুরুত্ব তুলে ধরে বলেন, “পহেলা বৈশাখের মাঝে বাঙালি খুঁজে পায় নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনার স্বরূপ। বৈশাখ শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আত্মবিকাশ ও বেড়ে ওঠার প্রেরণা। বাঙালি সংস্কৃতির বিকাশ, আত্মনিয়ন্ত্রণ ও মুক্তিসাধনায় পহেলা বৈশাখ এক অবিনাশী শক্তি। বাংলাদেশের অভ্যুদয় ও গণতান্ত্রিক বিকাশে সংস্কৃতির এই শক্তি রাজনৈতিক চেতনাকে দৃঢ় ও বেগবান করে।”
তিনি বলেন, “পহেলা বৈশাখ আমাদেরকে উদার হতে শিক্ষা দেয় এবং জাতীয়তাবাদে অনুপ্রাণিত হয়ে বিশ্বমানবের সঙ্গে মিশে যাওয়ার শক্তি জোগায়।
“এই উদারনৈতিক চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর রাষ্ট্রদর্শন, বাংলাদেশ প্রতিষ্ঠার আদর্শ এবং রাষ্ট্রভাষা চেতনার বহ্নিশিখা অন্তরে ধারণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হোক আজকের দিনে সকলের অঙ্গীকার।”
নববর্ষের শুভেচ্ছা বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “পহেলা বৈশাখের দিকে তাকালে বাঙালি তার মুখচ্ছবি দেখতে পায়। বৈশাখ আমাদের নিয়ে যায় অবারিতভাবে বেড়ে ওঠার বাতায়নে, ঐতিহ্য ও সংস্কৃতির সমৃদ্ধিতে, অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে।”
পহেলা বৈশাখের উৎসবকে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্যের প্রসারের বিষয়টিও তুলে ধরেন তিনি।
শেখ হাসিনা বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক, উদারনৈতিক, জাতীয়তাবাদী ও গণতন্ত্রের ভাবাদর্শে আজীবন যে সংগ্রাম করে গেছেন, তারও মূলমন্ত্র জাতিগত ঐতিহ্য ও অহংকার। সেই আদর্শে বাংলাদেশের স্বাধীনতা অর্জন, দেশ পুনর্গঠনে কাজ করেছে তার অভিন্ন চেতনা। একইসঙ্গে জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ তথা মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ তথা সুখী-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবারের বৈশাখ হবে আমাদের জন্য বিপুল প্রেরণাদায়ী।”
বৈশাখের আরও যত আয়োজন
বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ সরকারি ছুটি থাকবে। তবে নানা আয়োজনে মুখর থাকবে শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো।
গত ২০ মার্চ সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে শিল্পকলা একাডেমিতে এক আন্তঃমন্ত্রণালয় সভায় দেশের সব জেলা, উপজেলা ও ইউনিয়নে বৈশাখী শোভাযাত্রা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়।
পাশাপাশি রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন করতে বলা হয় স্থানীয় প্রশাসনকে।
ঢাকায় শিল্পকলা একাডেমি দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করবে। বাংলা একাডেমি ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নিজেদের কার্যালয়ের সামনে নববর্ষ মেলা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।
এছাড়া শিশু একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তর, আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, জাতীয় জাদুঘর, কবি নজরুল ইনস্টিটিউট, কপিরাইট অফিস ও জাতীয় গ্রন্থকেন্দ্র আলোচনাসভা, প্রদর্শনী, কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করবে।
চট্টগ্রামের ডিসি হিলে বৈশাখী উৎসব
৪৬ বছরের ধারাবাহিকতায় এবারও চট্টগ্রামের ডিসি হিলের নজরুল স্কয়ার প্রাঙ্গণে সম্মিলিত আয়োজনে ‘বৈশাখী উৎসব’ হবে। শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এই উৎসব চলবে।
অন্য বছর বর্ষবিদায় ও বর্ষবরণ দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকলেও গত বছরের মতো এবারও রমজানের জন্য শুধু পহেলা বৈশাখে বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়েছে।
‘পহেলা বৈশাখ বাঙালীর উৎসব সবার যোগে জয়যুক্ত হোক’ প্রতিপাদ্যে এবারের কর্মসূচি জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধন হবে। এরপর নববর্ষকে স্বাগত জানিয়ে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ সংগীত পরিবেশনা। এরপর পরিবেশিত হবে চট্টগ্রামের সাংস্কৃতিক দল ও সংগঠনগুলোর দলীয় সংগীত, দলীয় নৃত্য ও দলীয় আবৃত্তি পরিবেশনা।
সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আহ্বায়ক আহমেদ ইকবাল হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রামে আমাদের এই আয়োজনটি এবার ৪৭ বছরে পা রাখছে। মাঝে কোভিডের কারণে দুবছর আমরা করতে পারিনি। এছাড়া প্রতি বছরই হয়েছে। এবারের আয়োজনে ৩২টির বেশি সাংস্কৃতিক সংগঠন অংশ নেবে।”
আয়োজনে দলীয় সঙ্গীত পরিবেশন করবে সংগীত ভবন, রক্তকরবী, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ, গীতধ্বনি, সৃজামী সাংস্কৃতিক অংগন, কুসুম ললিতকলা একাডেমি, নিষ্পাপ অটিজম স্কুল ও উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম। দলীয় নৃত্য পরিবেশন করবে নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, ওড়িশী এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, ঘুঙুর নৃত্যকলা কেন্দ্র, সঞ্চারী নৃত্যকলা একাডেমী, নৃত্য নিকেতন, দি স্কুল অব ক্ল্যাসিক অ্যান্ড ফোক ডান্স।
দলীয় আবৃত্তি পরিবেশন করবে বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, নরেন আবৃত্তি একাডেমী, তারুণ্যের উচ্ছাস, বোধন আবৃত্তি পরিষদ, ত্রিতরঙ্গ আবৃত্তি দল ও স্বরনন্দন প্রমিত বাংলা চর্চা কেন্দ্র।
