২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদ বিশ্বের প্রত্যাশায় মঙ্গল শোভাযাত্রায় নতুন মোটিফ

প্রকৃতিকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী নীল গাইও রয়েছে এবারের শোভাযাত্রায়।

নিরাপদ বিশ্বের প্রত্যাশায় মঙ্গল শোভাযাত্রায় নতুন মোটিফ

‘মায়ের কোলে শিশু’ মোটিফটি শেষ তুলির আঁচড়ের পরেই যাত্রার জন্য প্রস্তুত হবে।

রাসেল সরকার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 09:55 PM

Updated : 13 Apr 2023, 10:09 PM

পুরনো গ্লানি আর জরা পেছনে ফেলে বাংলা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য শেষ মুহূর্তের কাজ চলছে; পহেলা বৈশাখের অন্যতম প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার কর্মযজ্ঞ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে।

যুদ্ধ-বিগ্রহ বিশ্বে শান্তির বার্তায় এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’।

সেই আলোকে বর্ণিল আয়োজনে ১৪৩০ বঙ্গাব্দকে বরণ করতে প্রতিবারের মতো এবারও নানা অনুষঙ্গ তৈরি করেছেন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার বিকালে চারুকলা অনুষদ ঘুরে দেখা যায়, মঙ্গল শোভাযাত্রার শিল্পকর্ম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। অনুষদের মাঠে শোভাযাত্রার জন্য তৈরি করা বড় শিল্পকাঠামোগুলোতে রঙিন কাগজ জুড়ে দিচ্ছেন তারা। গ্যালারির ভেতরে শোভাযাত্রার জন্য তৈরি করা মুখোশগুলোতে পড়ছে রং-তুলির শেষ আঁচড়।

চারুকলার জয়নুল গ্যালারির পাশেই চলছে ছবি, সরা, আর  মুখোশ বিক্রি। যেহেতু অনুষ্ঠানের জন্য কোনো স্পন্সর নেওয়া হয় না, ফলে এসব শিল্পকর্ম বিক্রি করে শোভাযাত্রার খরচ বহন করা হয়।

Image

বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী নীল গাই এবারের শোভাযাত্রার নতুন সংযোজন।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের পরিকল্পনা ও তত্ত্বাবধানে ২৪ ব্যাচের শিক্ষার্থীরা এবার শোভাযাত্রার দায়িত্ব পেয়েছেন। তাদের সঙ্গে আছেন চারুকলার নতুন ও প্রাক্তন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গল শোভাযাত্রার জন্য এবার মায়ের কোলে সন্তান, টেপা পুতুল, বাঘ, ময়ূর, ভেড়া ও নীল গাই- এই ছয়টি মোটিফ তৈরি করা হচ্ছে।

বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী নীল গাই এবারের শোভাযাত্রার নতুন সংযোজন। এর মাধ্যমে প্রকৃতিকে ফিরে পাওয়ার আহ্বান থাকবে শোভাযাত্রায়।

শোভাযাত্রা উদযাপন কমিটির যুগ্ম-আহ্বায়ক অচিন্ত্য সাহা রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চাই পৃথিবীতে যুদ্ধ নয়, বৃষ্টির মতো করে শান্তি বর্ষিত হোক।

“শোভাযাত্রায় মায়ের কোলে সন্তান থাকবে। এর মাধ্যমে আমরা তুলে ধরতে চাই মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, তেমনি এই পৃথিবী প্রতিটি মানুষের জন্য নিরাপদ আশ্রয় হয়ে উঠুক।”

আয়োজন নিয়ে ২৪ ব্যাচের শিক্ষার্থী শিমুল কুম্ভকার বলেন, “এবার নতুন একটি মোটিফ আনা হয়েছে, সেটি হচ্ছে নীল গাই। বন্য এই প্রাণীর সাথে আমাদের সম্পর্ক যাতে আরও নিবিড় হয়, সেজন্যই এই মোটিফ তৈরি করা হয়েছে। মানুষ যাতে বন্য প্রাণীর প্রতি বন্ধুভাবাপন্ন হয়।”

সার্বিক প্রস্তুতির বিষয়ে মঙ্গল শোভাযাত্রার-১৪৩০ এর আহ্বায়ক ওম প্রকাশ বলেন, “আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আজকে রাতের ভেতরে সব কাজ সম্পন্ন হবে। গত এক মাস আমরা কাজ করেছি। শেষ মুহূর্তে আমরা বড় শিল্পকাঠামোগুলোতে রঙিন কাগজের প্রলেপ দিচ্ছি।

Image

প্রতিবছর মঙ্গল শোভাযাত্রার আগে চারুকলা অনুষদের বাইরের দেয়ালেও আঁকা হয় নতুন নকশা।

“কাজের পাশাপাশি সরা, মুখোশ ও পেইন্টিং বিক্রিও হচ্ছে। আপনারা জানেন মঙ্গল শোভাযাত্রা আমরা নিজস্ব অর্থায়নে করে থাকি। অর্থাৎ আমাদের তৈরি সরা, মুখোশ ও পেইন্টিং বিক্রি করে শোভাযাত্রার খরচ বহন করা হয়। এগুলো সুলভমূল্যে বিক্রি হচ্ছে, যাতে লোকজন লোকজন সেগুলো শোভাযাত্রায় অংশ গ্রহণ করতে পারেন।”

এবারের প্রতিপাদ্যের ব্যাখ্যায় নববর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন জানান, বাংলাদেশসহ বৈশ্বিক নানা প্রেক্ষাপটে তারা প্রতিবছরের প্রতিপাদ্য ঠিক করে থাকেন।

“বর্তমানে মানুষের মাঝে হানাহানি, অস্থিতিশীলতা বিরাজ করছে। তার চরম মাত্রায় পৌঁছে যে, এই রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ। এর ফলে বৈশ্বিক অর্থনীতিতেও চরম ধস নেমেছে। তাই আমাদের এবারের কামনা পৃথিবীতে শান্তি নেমে আসুক। সেজন্যই এবারে প্রতিপাদ্য ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’।

এদিন নববর্ষের এক শুভেচ্ছা বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো.  আখতারুজ্জামান বলেছেন, পহেলা বৈশাখ সকল ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশা ও বয়সের মানুষের মাঝে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। নববর্ষের প্রেরণায় বাঙালির মাঝে উদার মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা নতুনভাবে জাগ্রত হয়, মানুষে মানুষে গড়ে ওঠে সাম্য, সৌহার্দ্য ও সম্প্রীতি।

“অতীতের গ্লানি, দুঃখ, জরা মুছে অসুন্দর ও অশুভকে পেছনে ফেলে নতুন কেতন উড়িয়ে বাংলা নববর্ষ- ১৪৩০ সকলের জীবনে আরও সমৃদ্ধি বয়ে আনবে। তথ্য-প্রযুক্তি ও জ্ঞান নির্ভর ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে বিজ্ঞান ও প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশ নবউদ্যোমে এগিয়ে যাবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার মঙ্গল শোভাযাত্রা ও বাংলা নববর্ষ উদযাপনে আগতদের বেশ কিছু নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

বাংলা নববর্ষ- ১৪৩০ উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি জানিয়েছে, ক্যাম্পাসে নববর্ষের দিন সকল ধরনের অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে। নববর্ষের দিন ক্যাম্পাসে অপরাহ্ন ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে। এরপর কোনোভাবেই প্রবেশ করা যাবে না, শুধু বের হওয়া যাবে।

Image

শিক্ষার্থীদের তৈরি এসব শিল্পকর্ম বিক্রি থেকেই আসে শোভাযাত্রা আয়োজনের সব খরচ।

পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো মুখোশ পরা ও ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদের বানানো মুখোশ হাতে নিয়ে প্রদর্শনে অংশ নেওয়া যাবে।

ক্যাম্পাসে ‘ভুভুজেলা’ বাজানো ও বিক্রি করা থেকে বিরত থাকতেও অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

প্রতিবছরের মতোই চারুকলা অনুষদ থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রা শাহবাগ মোড় হয়ে আবার চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে। নির্মাণাধীন মেট্রোরেলের জন্য মঙ্গল শোভাযাত্রায় জনসমাগম সীমিত রাখতে সবার প্রতি অনুরোধ করা হয়েছে।

নববর্ষের দিন ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখে রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী  উদ্যানের গেইট বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগত ব্যক্তিরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য চারুকলা অনুষদের সামনের ছবির হাটের গেইট, বাংলা একাডেমির সামনের গেইট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেইট ব্যবহার করতে পারবেন।

সোহরাওয়ার্দী উদ্যান থেকে প্রস্থানের পথ হিসেবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেইট, রমনা কালী মন্দির সংলগ্ন গেইট ও বাংলা একাডেমির গেইট ব্যবহার করা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার আয়োজনে পহেলা বৈশাখে বের হওয়া মঙ্গল শোভাযাত্রা নগরে বর্ষবরণের অনুসঙ্গ হয়ে উঠেছে অনেকদিন ধরে। বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে কূপমণ্ডুকতা, গোঁড়ামির বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হিসেবেও দেখা হয় এই উৎসবকে।

গত শতকের আশির দশকে সামরিক শাসনের অর্গল ভাঙার আহ্বানে পহেলা বৈশাখে চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হয়েছিল, তাই পরে মঙ্গল শোভাযাত্রার নাম পায়। ২০১৬ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতিও পায় বাঙালির প্রাণের এ উৎসব।