মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি আতঙ্ক সৃষ্টির জন্য: র্যাব
“এটা আসলে কোনো জঙ্গি হুমকির ঘটনা না। তারপরও আমরা সতর্ক রয়েছি। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।"
পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে লেখা যে চিরকুট ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে পাওয়া গেছে, সেটা জঙ্গিদের কাজ বলে মনে করছেন না র্যাব প্রধান এম খুরশীদ হোসেন।
বর্ষবরণ উৎসবের আগের দিন ঢাকার রমনা বটমূলের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, “চিরকুটটি আমি দেখেছি ও পড়েছি। মানুষের মনে আতঙ্ক তৈরি করার জন্য তৃতীয় কোনো পক্ষ এই কাজ করেছে।
“এটা আসলে কোনো জঙ্গি হুমকির ঘটনা না। তারপরও আমরা সতর্ক রয়েছি। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।"
গত শতকের আশির দশকে সামরিক শাসনের অর্গল ভাঙার আহ্বানে পহেলা বৈশাখে চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হয়েছিল; সেটিই পরে মঙ্গল শোভাযাত্রার নাম নেয়। ২০১৬ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতিও পায় এ কর্মসূচি।
রাজধানীতে বর্ষবরণ আয়োজনের অন্যতম প্রধান অনুসঙ্গ হয়ে ওঠা এই শোভাযাত্রা আয়োজনের মূল ভূমিকায় থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও সাবেকরা। মাসখানেক আগে থেকেই শুরু হয় তাদের প্রস্তুতি।
সেই কাজ চলার মধ্যে গত ১১ এপ্রিল রাতে চারুকলা প্রাঙ্গণে একটি সাদা কাগজ ও ৫০ টাকার নোট পাওয়া যায় একটি চেয়ারের ওপর।
ওই কাগজে লেখা ছিল ‘মঙ্গল শোভাযাত্রা কাজটা শিরকের, এখানে এসে ক্ষতি করো না তোমাদের, হামলা হতে পারে এনিটাইম ঐ দিনের, দাজ্জালী বাহিনী পাবে না টের মোদের।’
এ ঘটনায় পরে শাহবাগ থানায় একটি জিডি করেন মঙ্গল শোভাযাত্রার আয়োজক কমিটির অর্থ ও নিরাপত্তা বিষয়ক সদস্য আবতাহী রহমান।
র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করার জন্য র্যাবের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলা নববর্ষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে র্যাবের গোয়েন্দা নজরদারি রয়েছে।
রাজধানীর টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা বটমূলসহ যেসব এলাকায় বর্ষবরণের অনুষ্ঠান হবে, সেসব এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে টহল, চেকপোস্ট ও অবজারভেশন পোস্টসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথাও তিনি বলেন।
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের বম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড নিরাপত্তা তল্লাশি চালাবে জানিয়ে র্যাবের ডিজি বলেন, তাদের স্ট্রাইকিং রিজার্ভ, মোটরসাইকেল পেট্রোল, বোট পেট্রোল ও সিসিটিভি মনিটরিং অব্যহত রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাবের রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছেন। এছাড়া প্রস্তুত রয়েছে র্যাবের স্পেশাল কমান্ডো টিম।
নাশকতার যে কোনো ঘটনা মোকাবিলায় র্যাবের টহল টিম ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “বাংলা নববর্ষ উপলক্ষে সুনির্দিষ্ট কোনো জঙ্গি হামলার তথ্য নেই। তারপরও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যে কোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতে আমরা প্রস্তুত রয়েছি।”
বর্ষবরণের অনুষ্ঠানে আসা নারীদের উত্ত্যক্ত করা ঘটনা প্রতিরোধেও র্যাব ‘বিশেষ ব্যবস্থা’ নিয়েছে বলে জানান মহা পরিচালক।
