রমনা পার্কে যোগচর্চার মহাসমাবেশ
“শ্বাসপ্রশ্বাসকে যদি কেউ চর্চার মধ্যে রাখে, তাহলে অনেক রোগ থেকে মুক্তি পায়।”
যোগচর্চায় মানুষকে উদ্বুদ্ধ করতে ঢাকার রমনা পার্কে মহাসমাবেশ করেছে বাংলাদেশ ইয়োগা অ্যালায়েন্স নামের একটি সংগঠন।
শুক্রবার সকাল ৭টার দিকে এ সমাবেশ হয়। প্রশিক্ষকের নেতৃত্বে যোগচর্চার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান শেষ হয় একটি সেমিনারের মাধ্যমে।
সেমিনারে সংগঠনের সভাপতি হারুন আর রশীদ বলেন, “আমরা বিভিন্নভাবে বিভিন্ন ইয়োগা করে থাকি। কিন্তু তা অনেক সময় ইয়োগা হয় না। ফলে ইয়োগা কীভাবে করতে হবে বা ইয়োগার সঠিক পদ্ধতি কী, তা অনেকে জানেন না।
“তাই সবাইকে ইয়োগা সম্পর্কে জানাতে আমরা বিভিন্ন কর্মসূচি করে আসছি। আমাদের মূল উদ্দেশ্য—মানুষ যেন সুস্থ থাকে, রোগমুক্ত থাকে। সে জন্য ইয়োগাকে ছড়িয়ে দেওয়া।”
অনুষ্ঠানে যোগব্যায়াম প্রশিক্ষক দেবু চৌধুরী বলেন, “আমরা প্রকৃতির বাইরে কেউ নই। সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতিও পরিবর্তন হয়।
“ফলে প্রকৃতির সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাপনের পদ্ধতি ও মানসিকতা দুটোই পরিবর্তিত হয়। প্রকৃতির সঙ্গে নিজেকে সুস্থ রাখতেই এই ইয়োগা করা হয়।”
ইয়োগার ভিন্ন ভিন্ন দর্শন আছে মন্তব্য করে তিনি বলেন, “তবে ইয়োগার মূল চর্চা হচ্ছে শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ। শ্বাসপ্রশ্বাসকে যদি কেউ চর্চার মধ্যে রাখে, তাহলে অনেক রোগ থেকে মুক্তি পায়।
“যেমন, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করলে রক্তচাপ, অ্যালার্জি ও নার্ভের যথাযথ সক্রিয়তার কারণে যেসব সমস্যা হয়, তা আস্তে আস্তে সেরে যায়।”
সমাবেশে যোগচর্চার সুফল তুলে ধরে ৬৭ বছর বয়সি বীর মুক্তিযোদ্ধা এস এম হামিদ বলেন, “আমি দীর্ঘদিন ধরে ইয়োগা করি। আমার চিকিৎসকের কাছে যেতে হয় না।
“আমার ডায়াবেটিস ছিল। ফ্যাটি লিভার ছিল। কোলেস্টেরলসহ নানা সমস্যা ছিল। তবে এখন আমি কোনো ওষুধ না নিয়েই সুস্থ আছি।”
