২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ: সংসদীয় দলের প্রতিবেদন প্রকাশের দাবি হাফিজের

টিপাইমুখ প্রকল্প নিয়ে সংসদীয় প্রতিনিধি দলের প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন সাবেক পানি সম্পদমন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ। ভারতের ওই জলবিদ্যুৎ প্রকল্পের প্রভাব খতিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রী যে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন, তাতে দলীয়করণ না করারও আহ্বান জানিয়েছেন এ বিএনপি নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2009, 09:40 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ প্রকল্প নিয়ে সংসদীয় প্রতিনিধি দলের প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন সাবেক পানি সম্পদমন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ। ভারতের ওই জলবিদ্যুৎ প্রকল্পের প্রভাব খতিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রী যে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন, তাতে দলীয়করণ না করারও আহ্বান জানিয়েছেন এ বিএনপি নেতা। টিপাইমুখ পরিদর্শনকারী সংসদীয় প্রতিনিধি দল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে তাদের প্রতিবেদন দেয়। প্রতিনিধি দলের প্রধান আব্দুর রাজ্জাক জানান, প্রধানমন্ত্রী একটি বিশেষজ্ঞ দল গঠন করতে পানি সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। বিএনপির সহ-সভাপতি হাফিজ শুক্রবার সাংবাদিকদের বলেন, "গত ৩১ বছরে ভারতের কাছে অনেকবার তথ্য-উপাত্ত চেয়েও পাওয়া যায়নি। সংসদীয় দল বলছে, তারা তথ্য-উপাত্ত এনেছেন। তা অবশ্যই দেশের মানুষের কাছে প্রকাশ করতে হবে।" বিএনপি প্রস্তাবিত বিশেষজ্ঞদের না নেওয়ায় দলটি ওই দলে নিজেদের অন্তর্ভুক্ত করেনি। হাফিজ বলেন, "সরকার একদলীয় সংসদীয় কমিটি করেছিল। প্রধানমন্ত্রী এখন একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। এই বিশেষজ্ঞ কমিটি গঠনে যেন দলীয়করণ না করা হয়। আমরা চাই, সর্বজন স্বীকৃত বিশেষজ্ঞদের নিয়েই ওই কমিটি করা হোক।" মনিপুর রাজ্যে বরাক নদীর টিপাইমুখে ভারত জলবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ নিয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এতে বাংলাদেশের সিলেট অঞ্চলে বিরূপ প্রভাব পড়বে। ভারতের মনিপুরবাসীও এর বিরোধিতা করছে। এ নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনে আলোচনার পরামর্শ আবারও জানান হাফিজ। সাবেক পানি সম্পদমন্ত্রী বলেন, "এ রকম একটি জাতীয় সমস্যা ও জাতীয় স্বার্থের বিষয় সংসদীয় কমিটির মাধ্যমে সমাধানের নজির কোথাও নেই। এ বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে হলে অবশ্যই পানি সম্পদ মন্ত্রণালয় ও যৌথ নদী কমিশনকে নিয়োজিত করতে হবে। কেবল তারাই এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। "সে জন্য আমরা বলে আসছি, সরকারকে দ্রুত যৌথ নদী কমিশনের বৈঠক আহ্বান করতে। বিশেষজ্ঞদের নিয়ে ওই প্রকল্পের ওপর যৌথ সমীক্ষা এখন জরুরি।" টিপাইমুখ বাঁধ এলাকা না দেখে সংসদীয় দলের আশ্বস্ত হওয়ার সমালোচনা করে হাফিজ বলেন, "তাদের এ বক্তব্য দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। ফারাক্কা বাঁধের সময়ও এমন কথা বলা হয়েছিল। কিন্তু এর প্রভাবে উত্তরাঞ্চলে অবস্থা আজ কী অবস্থা দেশের মানুষ জানে। টিপাইমুখ বাঁধ কেবল বাংলাদেশ নয়, ভারতে উত্তর-পূর্বাঞ্চলের জনগোষ্ঠিকেও মহাবিপর্যয়ে ফেলবে।" গত ২৯ জুলাই টিপাইমুখ প্রকল্প পরিদর্শনে সংসদীয় প্রতিনিধি দলটি ভারত রওনা হয়। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারা হেলিকপ্টারে গিয়ে প্রকল্প এলাকায় নামতে পারেননি। সফরকালে ভারতের পররাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রতিনিধি দল। দেশে ফিরে রাজ্জাক বলেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনও প্রকল্প ভারত বাস্তবায়ন করবে না বলে তারা আশ্বস্ত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৪৫ ঘ.