ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ বাংলাদেশের জন্য হুমকি হবে না- ভারতের কাছ থেকে এরকম 'আশ্বাস' পেয়ে দেশে ফিরেছে পরিদর্শনে যাওয়া সংসদীয় প্রতিনিধি দল।
ছয় দিনের সফর শেষে মঙ্গলবার দেশে পৌঁছে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের প্রধান আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনো প্রকল্প ভারত বাস্তবায়ন করবে না বলে তারা নিশ্চিত হয়েছেন।
এছাড়া টিপাইমুখ এলাকায় এখনো কোনো নির্মাণ কর্মকাণ্ড শুরু হয়নি বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্য জাতীয় পার্টির এবিএম রুহুল আমিন হাওলাদার।
আব্দুর রাজ্জাকের ভাষায়, "আমরা অ্যাবসলিউটলি আশ্বস্ত যে বাংলাদেশের জন্য ক্ষতিকর এমন কিছু ভারত করবে না। ..ভারত বলেছে, পরিবেশগত ক্ষতি হলে প্রথমে ভারতের হবে। সুতরাং তারা বিষয়টি মাথায় রেখেছে।"
আলোচিত সফরশেষে মঙ্গলবার সোয়া চারটার দিকে সফরকারী প্রতিনিধি দলের ছয় সদস্য জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
আব্দুর রাজ্জাক জানান, সফরকালে তারা নয়াদিল্লিতে ভারতের বিদ্যুৎ মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করেছেন। বৈঠকে তারা স্পষ্টভাবে আশ্বস্ত করেছেন- বাংলাদেশের স্বার্থে আঘাত হানে এমন কিছুই ভারত বাস্তবায়ন করবে না।
"তারা বলেছে, টিপাইমুখ বাঁধ একটি জলবিদ্যুৎ প্রকল্প। এর মাধ্যমে সেচ কাজে ব্যবহারের জন্য ভাটিতে বরাক নদীর কোনো পয়েন্টেই পানি প্রত্যাহার করা হবে না", বলেন আব্দুর রাজ্জাক।
এছাড়া এই প্রকল্প বাস্তবায়ন হলে ভারত ও বাংলাদেশে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলেও ভারত বাংলাদেশকে আশ্বস্ত করেছে বলে জানান তিনি।
"ভারত বলেছে, বাঁধটি হলে সুরমা, কুশিয়ারা ও মেঘনা নদীতে পানি প্রবাহ বাড়বে", বলেন আওয়ামী লীগের এই সাবেক পানি সম্পদমন্ত্রী।
আব্দুর রাজ্জাক বলেন, "আমাদের এক প্রশ্নের জবাবে তারা জানিয়েছেন, যেহেতু প্রকল্প এলাকা বাংলাদেশের ২১০ কিলোমিটার উজানে সেহেতু পরিবেশগত কোনো ক্ষতি হলে সেটি প্রথম হবে ভারতের।"
"আমরা তাদের আশ্বাসে অ্যাবসলিউটলি আশ্বস্ত", বলেন প্রতিনিধি দলের প্রধান।
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে আব্দুর রাজ্জাক টিপাইমুখ বাঁধের বিষয়ে কথা বলতে জাতীয় পার্টির সাংসদ রুহুল আমিন হাওলাদারকে আমন্ত্রণ জানান।
হাওলাদার প্রতিনিধি দলে থাকা ১০ সদস্যের একজন।
রুহুল আমিন হাওলাদার বলেন, ভারতের বিমান বাহিনীর একটি হেলিকপ্টার তাদেরকে পর পর দুই দিন প্রকল্প এলাকায় নিয়ে যায়। তবে খারাপ আবহাওয়ার কারণে দুর্গম ওই পাহাড়ি এলাকায় তারা অবতরণ করতে পারেননি।
জাতীয় পার্টির সাংসদ বলেন, বিবিসি'র একজন সাংবাদিক তার তোলা প্রকল্প এলাকার ছবি সফরকারী প্রতিনিধিদলকে দেখিয়েছেন।
" ওই ছবিতে একটি পাথরের ভিত্তি প্রস্তর ও টিনের ঘর ছাড়া আর কোনো স্থাপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি", বলেন তিনি।
রাজ্জাকের সুরে তিনিও বলেন, বাংলাদেশের স্বার্থ বিরোধী এমন কিছুই ভারত করবে না।
সফরকারী আওয়ামী লীগ সাংসদ আব্দুর রহমানও একই কথা বলেন।
প্রতিনিধি দলের আরেক সদস্য স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বলেন, "প্রকল্প এলাকাটি এতটাই দুর্গম যে ওই এলাকায় নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়াও বেশ দুরূহ।"
টিপাইমুখ বাঁধের তথ্য-উপাত্তের বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, "আমরা ভারতের কাছে এ বাঁধের যাবতীয় তথ্য-উপাত্ত দেওয়ার আবেদন জানিয়েছি। তারা আমাদের সব রকম তথ্য-উপাত্ত দিতে সম্মত হয়েছেন।"
এই বিষয়টিকে সফরের অন্যতম একটি সাফল্য বলে অভিহিত করেন তিনি।
"গত ২০-২২ বছর ধরে ভারতের কাছে এসব তথ্য-উপাত্ত চাওয়া হয়েছে তবে তা দিতে তারা এতদিন সম্মত হয়নি", বলেন রাজ্জাক।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রস্তাবিত বাঁধ এলাকা সরেজমিনে পরিদর্শন করতে না পেরে সোমবারই প্রতিনিধি দলটির দেশে ফেরার কথা ছিল। তবে ওইদিন চারজন দেশে ফিরলেও দলনেতা পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাজ্জাকসহ ছয়জন অতিরিক্ত এক দিন নয়া দিল্লিতে অবস্থান করেন।
গত ২৯ জুলাই টিপাইমুখ প্রকল্প পরিদর্শনে প্রতিনিধি দলটি ভারত রওনা হয়।
প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন- সাংসদ এবিএম আনোয়ারুল হক ও জহির হোসেন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মনোয়ার হোসেন, ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদুজ্জামান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এমরান আহমেদ।
জামায়াতে ইসলামীর সাংসদ হামিদুর রহমান আযাদের নাম থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সফরে যাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২২১২ঘ.
bdnews24