ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ এলাকা পরিদর্শনে যাওয়া ১০ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার সেখানে নামতে পারেনি। হেলিকপ্টারে করে তারা প্রকল্প এলাকার খুব কাছাকাছি গিয়েও ফিরে আসে।
প্রতিনিধি দলটি খুব ভোরে আসামের রাজধানী গৌহাটি থেকে হেলিকপ্টারে করে প্রকল্প এলাকার উদ্দেশে রওনা হয়।
সন্ধ্যায় বিবিসি বাংলা সার্ভিসের খবরে একথা বলা হয়েছে।
প্রতিনিধি দলের সদস্যরা শুক্রবার জানিয়েছেন, আকাশ থেকে প্রকল্পের প্রস্তাবিত স্থানে কোনো কাঠামো তাদের চোখে পড়েনি।
গৌহাটি থেকে বিবিসির সংবাদদাতা অমিতাভ ভট্টশালী জানান, আসামের রাজধানী গৌহাটি থেকে হেলিকপ্টারে করে খুব ভোরে প্রতিনিধি দলটি টিপাইমুখ প্রকল্পের উদ্দেশে রওনা হয়। যখন তারা টিপাইমুখের উপরে পৌঁছায় তখন সেখানে প্রবল বৃষ্টি হচ্ছিল। তাই ঝুঁকি না নিয়ে সংসদীয় প্রতিনিধি দলটিকে গৌহাটিতে ফিরিয়ে আনা হয়।
গৌহাটিতে ফিরে এসে প্রতিনিধি দলের নেতা আব্দুর রাজ্জাক বিবিসিকে বলেন, আকাশ থেকেই তারা বাঁধের জায়গাটি দেখেছেন এবং সেখানে কোনো ধরনের স্থাপনা বা নির্মাণকাজ তাদের চোখে পড়েনি।
তিনি জানান, ভারত ইতিমধ্যেই টিপাইমুখ প্রকল্পের নির্মাণকাজ শুরু করে দিয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতেই তারা এসেছেন। এছাড়া ভারত বলছে, এটি একটি জলবিদ্যুত প্রকল্প এবং এ থেকে সেচের জন্য জল প্রত্যাহার করা হবে না-তাদের এসব দাবি কতটা যৌক্তিক তাও খতিয়ে দেখতে চায় সংসদীয় প্রতিনিধি দল।
এদিকে টিপাইমুখের কয়েকজন বাসিন্দা শুক্রবার টেলিফোনে বিবিসিকে বলেছেন, প্রবল বৃষ্টির মধ্যেও তারা বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু তাদের সবাইকে নিরাশ হতে হলো।
ভারতের মণিপুরে টিপাইমুখ প্রকল্প পরিদর্শনে যাওয়া সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে দিল্লিতে ভারতীয় বিদ্যুতমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে।
ওই বৈঠকের পর বৃহস্পতিবার প্রতিনিধি দলের নেতা আবদুর রাজ্জাক বিবিসিকে জানান, প্রাথমিক আলোচনায় তারা সন্তুষ্ট এবং টিপাইমুখের ব্যাপারে যাবতীয় তথ্য-উপাত্ত দিতেও ভারত রাজি হয়েছে। তবে তারা সার্বিকভাবে কতোটা আশ্বস্ত হয়েছেন, প্রকল্পস্থ ঘুরে দেখার আগে তিনি সেব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি।
দিল্লি থেকে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, বিদ্যুতমন্ত্রী সুশীল কুমার সিন্ধে বৃহস্পতিবার সফররত ওই প্রতিনিধিদলকে আশ্বাস দিয়েছেন, এই বাঁধকে ঘিরে বাংলাদেশের সঙ্গে কোনও বিরোধ বা বিতর্ক ভারত চায় না। তাই সেই বিতর্ক এড়াতে যা-করার তা করেই ভারত টিপাইমুখে ওই প্রকল্প বাস্তবায়ন করতে চায়।
এর আগে বুধবার রাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণার সঙ্গেও বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। জানা গেছে, ওই বৈঠকেও কৃষ্ণা বলেছেন, বন্ধুপ্রতিম ও সহযোগী বাংলাদেশের সঙ্গে একটি প্রকল্পকে কেন্দ্র করে দ্বিপাক্ষিক সম্পর্কে বিরূপ প্রভাব পড়
bdnews24