ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখে সংসদীয় দলের সফরে নিষেধাজ্ঞা চেয়ে করা রিট আবেদনটি বুধবার তুলে নেওয়া হয়েছে।
ওই আবেদনের শুনানির আগেই সংসদীয় দলের সফর শুরু হওয়ায় রিট আবেদনকারীর এ সিদ্ধান্ত বলে তার আইনজীবী জানিয়েছেন। তবে এ নিয়ে নতুন করে রিট আবেদন করার আভাস দেওয়া হয়েছে।
প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধে সরকারের 'নিষ্ক্রিয়তার' বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টে দায়ের করা রিট আবেদনটি করেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আবু নাসের মোহম্মদ রহমতউল্লাহ। ওই আবেদনে তিনি সংসদীয় প্রতিনিধি দলের ওপর আদালতের নিষেধাজ্ঞা চেয়েছিলেন।
বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. বোরহান উদ্দিনের বেঞ্চে দায়ের করা ওই আবেদন বুধবার দুপুরে তুলে আনেন আইনজীবী তাজুল ইসলাম।
রিট আবেদনকারীর কৌঁসুলী তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রিট আবেদনটির ওপর শুনানি শুরু করা যায়নি। এর আগেই আজ (বুধবার) টিপাইমুখ প্রকল্প পরিদর্শনে সংসদীয় প্রতিনিধি দল ভারত রওনা হয়েছে। এ কারণে এটি (আবেদন) আংশিকভাবে অকার্যকর হয়ে গেছে। তাই তা ওই বেঞ্চ থেকে তুলে নিয়ে এসেছি।"
তিনি বলেন, "বাঁধ নির্মাণ বন্ধে নতুন আঙ্গিকে আমরা চিন্তা-ভাবনা করছি। আমরা আবারও নতুনভাবে রিট আবেদন করব।"
বুধবার সকালে টিপাইমুখ প্রকল্প পরিদর্শনে ১০ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল ভারত রওনা হয়। দলে নেতৃত্ব দিচ্ছেন পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক।
এতে বিএনপির কোনও সদস্য নেই। দলে নাম থাকলেও যাননি জামায়াতে ইসলামীর সাংসদও। বিজেপি বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৫২৯ ঘ.
bdnews24